আসামে কোনো ভারতীয়র নাম বাদ যাবে না: রাজনাথ

1107

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আসামের জাতীয় নাগরিক পঞ্জীকরণ থেকে কোনো ভারতীয়র নাম বাদ যাবে না। কারও নাম না উঠলে সেই ভুল পরবর্তীকালে শুধরে নেওয়া হবে। দেশটির বিরোধী কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের তুমুল বিক্ষোভের মুখে এ ঘোষনা দিলেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী।

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে বৈধ নাগরিকদের তালিকা তৈরি হচ্ছে। আসামের মোট জনসংখ্যা প্রায় ৩ কোটি ২৯ লাখ। সম্প্রতি প্রথম যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে ১ কোটি ৩৯ লাখ মানুষের নাম নেই।

ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে। গত বুধবার সংসদে বিষয়টি নিয়ে সরব হয়েছিল কংগ্রেস। কেন্দ্রের বিবৃতি দাবি করেছিলেন আসাম থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য সুস্মিতা দেব ও গৌরব গগৈ। বৃহস্পতিবার বিষয়টি উত্থাপন করেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। এর আগে সকালে সংসদ ভবনে প্রবেশের মুখে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে তৃণমূল সদস্যরা বিক্ষোভ দেখান। সৌগত রায়ের সমর্থনে কংগ্রেস ও বাম সদস্যরাও সরব হন।

লোকসভায় সে সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সদস্যদের আশ্বস্ত করে তিনি বলেন, আসামে নাগরিকদের তালিকা তৈরি করা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তাতে কিছু নাম বাদ পড়েছে। তিনি বলেন, চূড়ান্ত তালিকা থেকে কারও নামই বাদ যাবে না।

সূত্র: ইন্টারনেট