ঢাকা সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার নামে ফেসবুকে কিছু পেজ পরিচালিত হচ্ছে। এগুলোর সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। এগুলো ‘ফেইক (ভুয়া) পেজ’।
আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে এ কথা বলা হয়েছে। আজ সোমবার একটি ‘পোস্টে’ বলা হয়, “বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে কিছু ‘ফেইক ফেসবুক পেইজ’ বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে এবং সেই পেজগুলো থেকে নানা রকম মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে।”
এতে বলা হয়, ‘বঙ্গবন্ধুর দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি ফেরিফায়েড ফেসবুক পেজ Sajeeb Wazed ও শেখ রেহানার পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান CRI-এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের একটি ফেসবুক আইডি Radwan Mujib Siddiq অফিশিয়ালি চালু আছে- যা তারা নিজেরাই তত্ত্বাবধান করে থাকেন।’
আওয়ামী লীগের পোস্টে আরো বলা হয়, “জনসাধারণ ও সাংবাদিক ভাইদের অবগতির জন্য আমরা আবার জানাচ্ছি যে, বঙ্গবন্ধুর কন্যাদ্বয় শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে এখনো অফিশিয়ালি কোনো ফেসবুক পেজ চালু হয়নি, একই সাথে এ রকম পেজগুলোর অ্যাডমিনদেরকে আমরা অনুরোধ করব পেজগুলোকে ‘আনঅফিশিয়াল’ (Unofficial) হিসেবে ঘোষণা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন – অন্যথায় আমরা অতিসত্বর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।”















