সাইফ হাসান: যুক্তরাজ্যে গাড়ি ঋণের ক্ষতিপূরণ প্রকল্পের হিসাব গণনায় ভুল করার কথা স্বীকার করেছে দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থা এফসিএ। তথ্যের এই ত্রুটি সমাধান না হওয়া পর্যন্ত গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব স্থগিত রাখতে বার্কলেস ব্যাংককে নির্দেশ দিয়েছে সংস্থাটি। গত মার্চে ঘোষিত ৯ দশমিক ১ বিলিয়ন পাউন্ডের এই ক্ষতিপূরণ স্কিমের বিরুদ্ধে চলমান আইনি চ্যালেঞ্জের জবাব তৈরি করতে গিয়ে এই ভুল ধরা পড়ে। এর ফলে বড়দিনের আগে ক্ষতিপূরণের অর্থ পাওয়ার যে আশা গ্রাহকরা করেছিলেন, তা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি বা এফসিএ জানিয়েছে, অল্প কিছু ঋণ চুক্তির শ্রেণিবিন্যাস করতে গিয়ে তাদের হিসাবে কিছু ত্রুটি হয়েছে। এর ফলে চুক্তিপ্রতি গড় ক্ষতিপূরণের পরিমাণ ১০ পাউন্ডেরও কম হেরফের হতে পারে। তবে এই সামান্য ভুল চলমান আইনি প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলে স্বীকার করে গ্রাহক ও প্রতিষ্ঠানগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের প্রথম বড় ব্যাংক হিসেবে বার্কলেস ক্ষতিগ্রস্ত গ্রাহকদের চূড়ান্ত নিষ্পত্তির প্রস্তাব দিতে শুরু করেছিল। এই খাতে ৪৩০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা ব্যাংকটি আশা করেছিল, অভিযোগকারী গ্রাহকদের একাংশ বড়দিনের আগেই অর্থ পেয়ে যাবেন। কিন্তু তথ্যের ত্রুটি এবং এর প্রভাব খতিয়ে দেখা শেষ না হওয়া পর্যন্ত বার্কলেসকে এই কার্যক্রম স্থগিত রাখতে বলেছে এফসিএ।
গাড়ি ডিলার ও ঋণদাতাদের মধ্যে গোপন কমিশনের কারণে অতিরিক্ত অর্থ গুনতে হওয়া চালকদের জন্য গত মার্চে এই স্কিম ঘোষণা করা হয়েছিল। তবে আইনি জটিলতার কারণে প্রকল্পটি আংশিক স্থগিত রয়েছে এবং আগামী ফেব্রুয়ারিতে এ বিষয়ে আদালতের শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে ক্ষতিপূরণ মেটাতে যুক্তরাজ্যের ঋণদাতা প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে প্রায় ৭ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড তহবিল আলাদা করে রেখেছে।
পরামর্শক প্রতিষ্ঠান ব্রডস্টোনের ক্রেডিট রিস্ক প্রিন্সিপাল হ্যারি চারালাম্বাস জানান, এফসিএর এই ভুলের কারণে ব্যাংকগুলোকে এখন তাদের হিসাবের মডেল নতুন করে পর্যালোচনা করতে হবে। তিনি বলেন, দ্রুত অভিযোগ নিষ্পত্তি করতে চাওয়া ঋণদাতাদের জন্য এটি বেশ হতাশাজনক এবং বার্কলেসকে থামানোর ফলে অন্য ব্যাংকগুলোও এখন চূড়ান্ত হিসাব নিশ্চিত না হওয়া পর্যন্ত হাত গুটিয়ে থাকবে।
#যুক্তরাজ্য #ব্যাংকিং #গাড়িঋণ #ক্ষতিপূরণ #aknews #onebanglanews















