যুক্তরাজ্যে কয়েদিদের নিরব রাখতে ওষুধ প্রয়োগের পরিকল্পনা

32

সাইফ হাসান: ইংল্যান্ড এবং ওয়েলসের কারাগারগুলোতে যৌ*ন অপ*রাধে দণ্ডিত হাজার হাজার বন্দির জন্য কামভাব কমানোর ওষুধ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী ২০২৮ সালের শেষ নাগাদ এই বিশেষ চিকিৎসাসেবা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। পাইলট প্রকল্পের আওতায় নভেম্বরের মধ্যে এটি ১০টি থেকে বাড়িয়ে ২০টি কারাগারে কার্যকর করা হবে। প্রাথমিকভাবে প্রায় পৌনে চার হাজার বন্দি এই চিকিৎসা নেওয়ার যোগ্য বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে যৌন অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে যাদের অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত যৌন অনুভূতি রয়েছে, তাদের স্বাভাবিক রাখতে এই চিকিৎসাব্যবস্থা বিবেচনা করা হচ্ছে। কারাগারগুলোর ভিড় কমানো এবং পুনর্বাসন নিশ্চিত করতে স্বেচ্ছামূলক এই ওষুধ প্রয়োগের পরিসর বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

বিশেষজ্ঞ অধ্যাপক বেলিন্ডা উইন্ডারের দেওয়া মূল্যায়ন অনুযায়ী, বর্তমান বন্দিদের প্রতি চারজনের একজন অর্থাৎ প্রায় ৩ হাজার ৭৫০ জন কয়েদি এই চিকিৎসা কর্মসূচির আওতায় আসতে পারেন। তিনি জানান, অন্তর্বর্তীকালীন ফলাফল সন্তোষজনক হলে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যেই এটি বড় পরিসরে চালু করতে সক্ষম হবে কর্তৃপক্ষ।

কারাগারের এই প্রকল্পে এসএসআরআই বা সেরট্রালিনের মতো ওষুধ এবং অ্যান্টি-অ্যান্ড্রোজেন ব্যবহারের মাধ্যমে অপরাধপ্রবণ তীব্র যৌন চিন্তা ও টেস্টোস্টেরনের মাত্রা নিয়ন্ত্রণ করা হবে। তবে বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়েছেন, এটিকে রাসায়নিকভাবে নপুংসক করা বলা ঠিক নয়, কারণ ওষুধের কার্যকারিতা স্থায়ী নয় এবং এটি সম্পূর্ণ স্বেচ্ছামূলক রাখা উচিত।

হাওয়ার্ড লিগ ফর পেনাল রিফর্মের মতো বন্দি অধিকার বিষয়ক সংগঠনগুলো এই চিকিৎসা কার্যকর করার ক্ষেত্রে পূর্ণ সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে, যৌন অপরাধের মূল কারণ চিহ্নিত করে তা নিরসনে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

#যুক্তরাজ্যসংবাদ #কারাগার #আন্তর্জাতিকসংবাদ #aknews #onebanglanews