সাইফ হাসান: সেন্ট্রাল লন্ডনের কোভেন্ট গার্ডেনের এন্ডেল স্ট্রিটে চারজন পুরুষকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪৭ বছর বয়সী এক নারীকে ক্ষতিকর অ*স্ত্র বহন ও হা*মলা চালানোর সন্দেহে আটক করেছে। আহত ৩৪, ৩৯, ৪২ এবং ৫২ বছর বয়সী চার ব্যক্তিকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আটক নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
বুধবার বিকেলে লন্ডনের কোভেন্ট গার্ডেনের বিখ্যাত খাবার ও পানীয় বিক্রির স্থান এন্ডেল স্ট্রিটে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই এক নারী সেখানে এলোপাতাড়ি ছুরি নিয়ে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েন। ঘটনার পর পরই স্থানীয় পুলিশ পুরো এলাকায় নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে।
রেস্তোরাঁ কর্মী অর্জান জর্জা জানান, আটক নারী একজন গৃহহীন ব্যক্তি এবং তিনি ওই এলাকায় প্রায়ই সাহায্য চেয়ে ঘোরাফেরা করতেন। তিনি জানান, হঠাৎ করেই তারা চিৎকার ও হইচই শুনতে পান এবং মানুষজন দৌড়ে পালাতে থাকে। কোনো কারণ ছাড়াই ওই নারী হঠাৎ পথচারীদের ওপর আক্রমণ চালান, তবে পুলিশ দ্রুত এসে তাকে আটক করে।
আরেক রেস্তোরাঁর ব্যবস্থাপক অ্যান্ড্রিয়া জানান, দুপুরের খাবারের সময় এই ঘটনাটি ঘটে। ওই নারী মাঝেমধ্যেই রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেন। তিনি আরও জানান, পুলিশের বেষ্টনী থাকা সত্ত্বেও স্থানীয় মানুষ স্বাভাবিকভাবেই যার যার কাজ করছিলেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স টিম, দ্রুত সাড়াদানকারী প্যারামেডিক এবং এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছায়। আহত চারজনকে সড়কপথে জরুরি ভিত্তিতে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। বিকেল সাড়ে তিনটার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুলিশের বেষ্টনী তুলে নেওয়া হয়।
#লন্ডন #কোভেন্টগার্ডেন #আন্তর্জাতিকসংবাদ #যুক্তরাজ্য















