ইংল্যান্ডের ব্রাইটন সৈকতের কাছে সমুদ্র থেকে উদ্ধার হওয়া তিন নারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন লন্ডনের অক্সব্রিজ এলাকার তিন বোন—জেন অ্যাডেটোরো, ক্রিস্টিনা ওয়াল্টার্স ও রেবেকা ওয়াল্টার্স। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্থানীয় সম্প্রদায়ে।
তিন বোনের বাবা জোসেফ আবেগঘন শ্রদ্ধাঞ্জলিতে বলেন, “তারা শুধু আমার মেয়ে ছিল না, তারা ছিল আমার আনন্দ, শক্তি ও পরিবারের আলো।” তিনি জানান, প্রত্যেকের আলাদা ব্যক্তিত্ব ও ভালোবাসা তাদের পরিবারকে সুখে ভরিয়ে রাখত।
গত ১৩ মে ভোরে ব্রাইটন সৈকতে এক নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পর জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে যায়। পরে সমুদ্র থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত তৃতীয় পক্ষের সম্পৃক্ততা বা অপরাধমূলক ঘটনার কোনো প্রমাণ মেলেনি। তবে ঠিক কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।
স্থানীয়দের ধারণা, সমুদ্রের গভীর অংশে পড়ে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হতে পারেন। তদন্তের অংশ হিসেবে পুলিশ সিসিটিভি ফুটেজ ও আশপাশের বিভিন্ন তথ্য যাচাই করছে।















