যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার–এর স্পষ্ট রাজনৈতিক আদর্শ ও শক্ত অবস্থানের অভাবে লেবার পার্টি থেকে প্রগতিশীল ভোটাররা দূরে সরে যাচ্ছেন বলে এক নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ইউসিএল পলিসি ল্যাব–এর এই প্রতিবেদনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার–এর সাবেক জরিপ বিশ্লেষক স্ট্যান গ্রিনবার্গ–এর গবেষণা ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভোটাররা মনে করছেন স্টারমার প্রগতিশীল মূল্যবোধ নিয়ে অস্বস্তিতে ভোগেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে শক্ত অবস্থান নিতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প–এর সমালোচনা ও জলবায়ু ইস্যুতে আরও দৃঢ় অবস্থান প্রত্যাশা করছেন অনেক ভোটার।
জরিপে আরও দেখা গেছে, প্রায় তিন-চতুর্থাংশ ভোটার স্টারমারকে নেতিবাচকভাবে দেখছেন। অন্যদিকে অ্যান্ডি বার্নহাম তুলনামূলকভাবে বেশি ইতিবাচক সমর্থন পেয়েছেন।
বৃহস্পতিবারের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির খারাপ ফলের আশঙ্কার মধ্যেই এই প্রতিবেদন প্রকাশ পেল।















