চীন-ইরান গুরুত্বপূর্ণ বৈঠক শুরু

50
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার প্রশ্নে চীনের রাজধানী বেইজিংয়ে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকের মূল আলোচ্যসূচিতে রয়েছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমিত করা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।

বিশেষ করে হরমুজ প্রণালি চালু রাখার বিষয়ে চীন শুরু থেকেই জোরালো অবস্থান নিয়েছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কড়া সমালোচনা করলেও, একই সঙ্গে তেহরানের প্রণালি বন্ধ রাখার পদক্ষেপ নিয়েও ক্রমশ কঠোর বার্তা দিচ্ছে বেইজিং।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকে চীন ইরানকে স্পষ্ট করে জানাতে পারে—হরমুজ প্রণালি বন্ধ রাখলে ভবিষ্যতে বেইজিং কতটা রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখবে। কারণ প্রণালি বন্ধের কারণে নতুন নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা হলে জাতিসংঘে চীনের সমর্থন ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বেইজিংয়ের কাছে জানতে চাইছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন আলোচনায় চীন কী ধরনের অবস্থান নেবে এবং ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতা তেহরানের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে কি না।

বিনিময়ে চীনও ইরানের কাছ থেকে আশ্বাস চাইছে, গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক প্রক্রিয়ার আগে তেহরান যেন কোনো প্রতিশোধমূলক বা আকস্মিক সামরিক পদক্ষেপ না নেয়।