হরমুজ প্রণালি হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান

85
ইরানের শীর্ষ এক কর্মকর্তা হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও সেনাদের ‘কবরস্থানে’ পরিণত করার হুমকি দিয়েছেন। 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার ও তেহরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ী এক বিবৃতিতে মার্কিন বাহিনীকে ‘দস্যু’ বলে অভিহিত করেন।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ, যাদের কাছে বিমানবাহী রণতরী রয়েছে এবং তারা বিশ্বে দস্যুতার ভূমিকা পালন করছে। দস্যুদের মোকাবিলা করার সক্ষমতা আমাদের যেমন আছে, তেমনি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সামর্থ্যও রয়েছে।’

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তোমাদের বিমানবাহী রণতরী ও বাহিনীকে কবরস্থানে পরিণত করার জন্য প্রস্তুত হও। যেমন ইসফাহানে তোমাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়ে ছিল।’

গত মাসে একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাকে ইঙ্গিত করেই তিনি এ মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।