বিমানে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ভুলে সিডনিতে অনুশীলনে বাংলাদেশ নারী দল

40

সাইফ হাসান: প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল আসরে অংশ নিতে সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বিমানে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও কোনো বড় বিশ্রাম ছাড়াই মাঠে নেমে পড়েছেন ঋতুপর্ণা-আফঈদারা। কোচ পিটার বাটলারের অধীনে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে চলছে কঠোর অনুশীলন। আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই আসরে সেরাটা দিতে মরিয়া লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার রাত সাড়ে ১২টায় সিডনি পৌঁছানোর মাত্র সাত ঘণ্টা পর সকালে মাঠে নামেন সাবিনারা। দীর্ঘ ভ্রমণের ধকল সত্ত্বেও ইনজুরি নেই কারো এবং দলের সব খেলোয়াড় শারীরিক ও মানসিকভাবে ফিট রয়েছেন বলে কোচিং স্টাফরা নিশ্চিত করেছেন।

গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ জানান খেলোয়াড়রা এখন মূলত সিডনির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সিডনির তাপমাত্রা বর্তমানে ২৩ ডিগ্রির আশেপাশে যা ঢাকার আবহাওয়ার সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ হওয়ায় ফুটবলারদের মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না।

ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের সুযোগ-সুবিধা নিয়ে দলের কোচিং স্টাফরা বেশ সন্তুষ্ট প্রকাশ করেছেন। গোলকিপার কোচ বলেন একটি পেশাদার ফুটবল দলের জন্য যা যা দরকার তার সবই এখানে রয়েছে এবং কোচ বাটলারের নির্দেশনা অনুযায়ী সবাই কঠোর পরিশ্রম করছে।

আগামী ২৫ ফেব্রুয়ারি একটি স্থানীয় ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি হবে নিজেদের মূল আসরের আগে কৌশল ঝালিয়ে নেওয়ার বড় একটি সুযোগ। এরপর ২৭ ফেব্রুয়ারি এএফসির নির্ধারিত অফিশিয়াল টিম হোটেলে উঠবে পুরো দল।

#womensfootball #asiancup2026 #bangladeshfootball #sydney #aknews #onebanglanews