সফল বলেই আমার কোনো প্রতিপক্ষ নেই: পুতিন

819

আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, সরকার পরিচালনায় তার সাফল্যের কারণেই রাশিয়ায় তার বিকল্প কোন বিরোধী দল গড়ে ওঠেনি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্ষিক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন পুতিন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজ সরকারের সফলতার কথা তুলে ধরতে গিয়ে পুতিন বলেন, তিনি ক্ষমতায় আসার পর রাশিয়া মানুষের আয় বেড়েছে পাঁচগুণ আর মানুষের প্রত্যাশিত আয়ুও বেড়ে গেছে। শাসক হিসেবে তিনি এতটা সফল বলেই রাজনীতিতে তার কোনো প্রতিপক্ষ তৈরি হয়নি।

প্রেসিডেন্ট পুতিনের ওই রেকর্ড সংবাদ সম্মেলনে যোগ দিয়েছিলো দেড় হাজারের বেশি সাংবাদিক। আর প্রায় চার ঘন্টা ধরে চলা ওই সম্মেলনটি এ কারণেই রেকর্ড করেছে।

সংবাদ সম্মেলনের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, মধ্যপ্রাচ্য এবং আসন্ন রুশ নির্বাচনসহ নানা বিষয়ে প্রশ্ন করা হয়। তবে বেশিরভাগ প্রশ্নই ছিল রাশিয়ার অভ্যন্তরীণ বিষয় নিয়ে। ঘন্টার পর ঘন্টা ধরে ডজন ডজন প্রশ্নের উত্তর দিয়েছেন পুতিন।

এই সংবাদ সম্মেলনটি এমন এক সময় এবার হচ্ছে যখন কিছুদিন আগেই আবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার কথা
ঘোষণা করেছেন পুতিন। স্বাভাবিকভাবেই সাংবাদিকরা প্রশ্ন করেছেন ,কেন রাশিয়ায় তার কোনো শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ নেই এবং কেন তিনি চাইলেই বার বার নির্বাচিত হতে পারছেন?

উত্তরে পুতিন বলেন, তার শাসনামলের অসামান্য সাফল্যের কারণেই তাকে কোনও রাজনীতিক চ্যালেঞ্জ করতে পারছেন না। নিজ সরকারের সফলাতা তুলে ধরে তিনি বলেন, তার শাসনামলে কর কমেছে তিনগুণ। মজুরি বেড়েছে পাঁচগুণ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৩০ গুণ। আর জনগণের কাছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিছুটা শ্লেষের সাথে তিনি মন্তব্য করেছেন, কেন শক্ত বিরোধী পক্ষ তৈরি হচ্ছে না, এই প্রশ্নের উত্তরে আমাকে তাহলে বলতে হয়, নিজের বিরোধী হয়ত আমাকেই হতে হবে।

তবে একইসাথে সাংবাদিকদের উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি সত্যিই প্রতিযোগিতামূলক রাজনীতি নিয়ে ভাবছেন। রুশ ভাষায়,‘অর্থনীতিতে যেমন প্রতিযোগিতা তৈরি হয়েছে, রাজনীতিতেও সেটা হতে হবে। কারণ রাজনীতিতে প্রতিযোগিতা না থাকলে, ভারসাম্যপূর্ণ রাজনৈতিক ব্যবস্থা চিন্তাই করা করা যায়না।’

প্রসঙ্গত, আগামী মার্চে রুশ প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থবারের মত প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছেন পুতিন। সেই নির্বাচনে শক্ত কোনো প্রার্থী না থাকায় এবারও সহজেই জয় পেয়ে যাচ্ছেন তিনি।

এ সময় মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে করা প্রশ্নের জবাবে পুতিন বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার তথাকথিত গোপন যোগাযোগ নিয়ে যারা মুখর, তারা ‘সত্যের বদলে নিজেদের তৈরি মরীচিকার পেছনে ছুটছেন, এবং আমেরিকারই ক্ষতি করছেন।’
ট্রাম্পের সময় রুশ-মার্কিন সুসম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ট্রাম্প হয়ত কিছু বিষয়ে তড়িৎ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক গড়ে উঠার মত পরিস্থিতি তৈরি হয়নি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান বিশ্বে এমন অনেক সমস্যা আছে যা আমরা একমত হলে সহজেই সেগুলো মিটে যেতে পারে।

দুই দেশের মধ্যকার অস্ত্র প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, পারমাণবিক অস্ত্র সীমিতকরণ চুক্তি নবায়নে যুক্তরাষ্ট্র আর ইচ্ছুক নয় বলেই মনে হচ্ছে, যেটা তার মতে, বিপজ্জনক হতে পারে।

উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে তিনি বলেন, তাদের এ কাজে প্ররোচিত করেছে আমেরিকা। তাদের হুমকি ধামকির কারণেই পরমাণু অস্ত্র তৈরিতে মরিয়া হয়ে উঠেছে পিয়ংইয়ং। তিনি ঠাণ্ডা মাথায় এই সমস্যার সমাধান করার কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

সূত্র: বিবিসি