সাইফ হাসান: ৯ কোটি রুপির চেক বাউন্স মামলায় ১১ দিন পর তিহার জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। আদালতের রায়ে বড় স্বস্তি পাওয়ায় তার পরিবারে এখন খুশির আমেজ বইছে। জেল থেকে বের হতে না হতেই তার হাতে জমা পড়ছে একের পর এক সিনেমার বড় সব প্রস্তাব। এমনকি বড় বড় পরিচালক ও তারকারা তাকে দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে কাজে নিতে চাইছেন। আগামী ১৮ মার্চ এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দিল্লি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর সোমবার বাড়ি ফিরেছেন অভিনেতা রাজপাল যাদব। তার ভাই চন্দ্রপাল যাদব গণমাধ্যমকে জানান যে তারা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করছেন না। তিনি বলেন যে গত কয়েকদিন তারা কীভাবে কাটিয়েছেন তা শুধু তারাই জানেন তবে রাজপাল ফিরে আসায় এখন তাদের সুদিন ফিরবে বলে তারা আশা করছেন।
এর আগে গত বৃহস্পতিবার তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারপতি স্বর্ণা কান্তের বেঞ্চ। আদালত তাকে ভর্ৎসনা করে বলেছিল যে তিনি পাওনাদারের টাকা পরিশোধে অনেক কয়েক বছর ধরে দেরি করেছেন। প্রায় ২৫ থেকে ৩০ বার হাজিরা দিলেও বিষয়টি সমাধান না হওয়ায় আদালত প্রথমে জামিন দিতে রাজি হয়নি। তবে ভাতিজির বিয়েতে যোগ দেওয়ার বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত আদালত তাকে মুক্তি দেয়।
দুঃসময়েও বলিউডের অনেকেই রাজপালের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাকে নানা কাজের প্রস্তাব দিয়েছেন। জনপ্রিয় গায়ক গুরু রানধাওয়া তার নতুন মিউজিক ভিডিওর জন্য অভিনেতাকে অগ্রিম পারিশ্রমিক পাঠিয়ে দিয়েছেন। এছাড়া ইয়েস ম্যাডাম নামের একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও তাকে দেখা যাবে বলে জানিয়েছেন সেই সংস্থার প্রধান মায়াঙ্ক আর্য।
বিখ্যাত পরিচালক প্রিয়দর্শন রাজপালকে তার নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়ে দ্বিগুণ পারিশ্রমিক দিতে চেয়েছেন। পাশাপাশি বক্সার বিজেন্দর সিং তার পরবর্তী চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য অভিনেতাকে চূড়ান্ত করার কথা জানিয়েছেন। আগামী ১৮ মার্চ আবারও এই মামলার শুনানি হবে বলে আদালত জানিয়েছে।
#রাজপালযাদব #বলিউডনিউজ #বিনোদন #aknews #onebanglanews













