সাত বছর ধরে বন্ধ হ্যামারস্মিথ ব্রিজ,যানজটে অতিষ্ঠ এলাকাবাসী

144

সাইফ হাসান: লন্ডনের ঐতিহাসিক হ্যামারস্মিথ ব্রিজ গত সাত বছর ধরে গাড়ি চলাচলের জন্য বন্ধ থাকায় তীব্র ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্রিজটি পুনরায় যানবাহনের জন্য খুলে দেওয়ার দাবিতে শনিবার জড়ো হয়ে বিক্ষোভ করেন ভুক্তভোগী এলাকাবাসী ও স্থানীয় এমপি। দীর্ঘ দিন ধরে গুরুত্বপূর্ণ এই সংযোগ পথটি বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিম লন্ডনের যাতায়াত ব্যবস্থা ও বাস সার্ভিসে চরম বিপর্যয় নেমে এসেছে।

হ্যামারস্মিথ ও বার্নস এলাকার সংযোগকারী ১৩৮ বছরের পুরনো এই ব্রিজটি ২০১৯ সালে পিলারে ফাটল দেখা দেওয়ায় গাড়ির জন্য বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে গ্রেড-টু তালিকাভুক্ত এই স্থাপনাটি দিয়ে কেবল সাইকেল চালক ও পথচারীরা চলাচল করতে পারেন। তবে যানবাহন বন্ধ থাকায় এলাকার বাসের রুটে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।

পাটনি ও রোহ্যাম্পটনের এমপি ফ্লুর অ্যান্ডারসন জানান, ব্রিজটি বন্ধ থাকার কারণে ছয়টি বাসের রুট বাতিল করতে হয়েছে। এর ফলে পাটনি হাই স্ট্রিটসহ আশেপাশের এলাকায় যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, সামান্য রাস্তার কাজ হলেও এখন বিকল্প পথের অভাবে পুরো এলাকা স্থবির হয়ে পড়ে।

এদিকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট জানিয়েছে, পথচারী ও সাইকেল চালকদের জন্য ব্রিজটি চালু রাখতে তারা এ পর্যন্ত ১৭ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছে। হ্যামারস্মিথ ও ফুলহ্যাম কাউন্সিল জানিয়েছে, এটি বিশ্বের অন্যতম পুরনো ঝুলন্ত সেতু হওয়ায় মেরামতের খরচ অনেক বেশি এবং তারা সরকারের কাছে ফান্ডের আবেদন করেছে। তবে কবে নাগাদ গাড়ি চলাচল আবার শুরু হবে, তার কোনো নির্দিষ্ট সময়সীমা এখনও জানা যায়নি।

#HammersmithBridge #LondonTraffic #Putney #BanglaNews #aknews #onebanglanews