সংস্কার কাজের জেরে সোমবার রেল চলাচলে বড় বিপত্তির সতর্কতা

25

সাইফ হাসান: যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দর ও লন্ডনের মধ্যে রেল চলাচলে সোমবার বড় ধরনের বিপত্তির মুখে পড়তে পারেন যাত্রীরা কারণ সাপ্তাহিক ছুটির দিনের সংস্কার কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে কাজ শেষ না হওয়ায় চারটি লাইনের মধ্যে মাত্র দুটি চালু থাকবে যার ফলে বেশ কিছু রুটে ট্রেন চলাচল বন্ধ বা সীমিত থাকবে বলে যাত্রীদের সতর্ক করা হয়েছে।

নেটওয়ার্ক রেল জানিয়েছে, ব্রাইটন মেইনলাইনের গ্যাটউইক বিমানবন্দর, রেডহিল এবং পূর্ব ক্রয়ডনের মধ্যে সংস্কার কাজ চলছিল। রবিবার ন্যাশনাল রেল নিশ্চিত করে যে, এই কাজ সোমবারের আগে শেষ করা সম্ভব হচ্ছে না। ফলে সোমবার সারা দিন ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে। টেমসলিংক এবং সাউদার্ন রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাটউইক এবং পূর্ব ক্রয়ডনের মধ্যে মাত্র দুটি লাইন সচল থাকবে, যার ফলে পুরো নেটওয়ার্কজুড়েই সীমিত আকারে ট্রেন চলবে।

কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রা শুরুর আগে ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার এবং হাতে অতিরিক্ত সময় রাখার পরামর্শ দিয়েছে। যারা সোমবার ভ্রমণ করতে পারবেন না, তারা তাদের টিকিট দিয়ে মঙ্গলবার ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে ন্যাশনাল রেল। তবে রেডহিল ও টনব্রিজের মধ্যে সাউদার্ন রেলের সেবা স্বাভাবিক থাকবে। মূলত গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে লাইন সচল রাখতে শীতকালেই এই কাজ করার পরিকল্পনা করা হয়েছিল।

রবিবার ন্যাশনাল রেল বেশ কিছু পরিবর্তনের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ব্রাইটন, গ্যাটউইক বিমানবন্দর ও লন্ডন ভিক্টোরিয়ার মধ্যে গ্যাটউইক এক্সপ্রেস সেবা বন্ধ থাকবে। এছাড়া ব্রাইটন ও কেমব্রিজের মধ্যে টেমসলিংক সেবাও স্থগিত করা হয়েছে। ব্যস্ত সময়ে গ্যাটউইক ও লন্ডন ভিক্টোরিয়ার মধ্যে সাউদার্ন রেলের সেবাও চলবে না বলে জানানো হয়েছে।

#UKRail #TravelUpdate #GatwickExpress #aknews #onebanglanews