লন্ডনের ওয়েস্ট এন্ডে উৎসবের মৌসুমে দর্শনার্থীদের রেকর্ড পরিমাণ ভিড়

120

সাইফ হাসান: লন্ডনের ওয়েস্ট এন্ড এলাকায় গত উৎসবের মৌসুমে দর্শনার্থীদের উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন এক পরিসংখ্যানে দেখা গেছে ২০২০ সালের পর এবারই সবচেয়ে বেশি মানুষ এখানে ভিড় করেছেন। আগের বছরের তুলনায় গত ডিসেম্বরে দর্শনার্থীর সংখ্যা প্রায় ১৯ শতাংশ বেড়েছে যা করোনার প্রভাব কাটিয়ে ওঠার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালায়েন্স বা হলবার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৫ সালে এই এলাকায় দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি ছিল। পিকাডিলি, লিসেস্টার স্কোয়ার এবং হে মার্কেটের মতো জায়গাগুলোতে মানুষ আগের চেয়ে বেশি সময় কাটিয়েছেন। গড়ে দর্শনার্থীরা এখানে দুই ঘণ্টা ৩৮ মিনিট সময় ব্যয় করেছেন, যা আগের বছরের চেয়ে ৪২ মিনিট বেশি।

পরিসংখ্যানে দেখা গেছে, ১৫ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে মানুষের উপস্থিতি মহামারী পরবর্তী সময়ের গড়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি ছিল। রবিবার এবং সোমবারগুলোতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। হলবার মতে, দর্শনার্থীরা এখন শুধু কেনাকাটা নয় বরং চমৎকার অভিজ্ঞতার জন্যই এখানে বেশি আসছেন এবং সময় কাটাচ্ছেন।

সংস্থাটির ডেপুটি চিফ এক্সিকিউটিভ মার্ক উইলিয়ামস বলেছেন, লন্ডনের ওয়েস্ট এন্ড জাতীয় সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। তিনি মনে করেন, বিশ্বমঞ্চে এই এলাকার গুরুত্ব এবং পর্যটকদের কাছে এর আকর্ষণ এখনো অটুট। তবে ব্যবসার খরচ বৃদ্ধি পাওয়ায় কিছুটা চাপের মুখে থাকার কথাও তিনি উল্লেখ করেছেন।

হিপ্পোড্রোম ক্যাসিনোর নির্বাহী চেয়ারম্যান সাইমন থমাস বলেছেন, উৎসবের এই সময়টি প্রমাণ করেছে যে সেন্ট্রাল লন্ডনের ওপর মানুষের আস্থা এখনো প্রবল। কঠিন সময়েও ওয়েস্ট এন্ড লন্ডনের অর্থনীতি ও সংস্কৃতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, এই এলাকাটি যুক্তরাজ্যের অর্থনীতিতে বছরে ১২.৮ বিলিয়ন পাউন্ডের বেশি অবদান রাখে।

#LondonWestEnd #UKEconomy #LondonNews #BusinessUpdate #aknews #onebanglanews