ব্রিটেনে শক্তিশালী ঘূর্ণিঝড় গরেটির তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত ও রেড অ্যালার্ট জারি

38

সাইফ হাসান: ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী শীতকালীন ঘূর্ণিঝড় গরেটির প্রভাবে দেশজুড়ে চরম বিপর্যয় দেখা দিয়েছে। প্রায় ১০০ মাইল বেগের ঝোড়ো হাওয়া আর ভারী তুষারপাতে হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আবহাওয়া অফিস দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মা*রাত্মক বিপদের আশঙ্কায় বিরল রেড অ্যালার্ট জারি করেছে। ঝড়ের কারণে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ট্রেন ও বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটছে। এই দুর্যোগে অন্তত ৪০ হাজার গ্রাহক বর্তমানে অন্ধকারে দিন কাটাচ্ছেন।

যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং ওয়েলসে ঘূর্ণিঝড় গরেটি ব্যাপক তণ্ডব চালিয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সিলিং দ্বীপে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯৯ মাইল পর্যন্ত রেকর্ড করা হয়েছে যা ১৯৯১ সালের পর সর্বোচ্চ। প্রচণ্ড বাতাসে গাছ উপড়ে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং অনেক জায়গায় ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। ন্যাশনাল গ্রিড জানিয়েছে প্রকৌশলীরা বিদ্যুৎ সংযোগ সচল করতে কাজ করলেও এখনো হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছে।

তুষারপাতের কারণে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের উত্তরাঞ্চল সাদা চাদরে ঢেকে গেছে। স্কটল্যান্ডের আল্টনাহারা এলাকায় সর্বোচ্চ ২৭ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে এবং তাপমাত্রা মাইনাস ১৩.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। ভারী বরফের কারণে কয়েকশ স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে যার মধ্যে অ্যাবারডিনশায়ারের ১৫০টিরও বেশি স্কুল রয়েছে। হিথ্রো বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজের অন্তত ৬৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে যার ফলে ৯ হাজার যাত্রী বিপাকে পড়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিদ্যুৎহীন পরিবারগুলোকে দ্রুত সহায়তা দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে দেড় লাখ গ্রাহকের সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে। তবে রবিবার পর্যন্ত তুষারপাত এবং বরফ জমার কারণে হলুদ সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন বরফ গলে যাওয়া এবং বৃষ্টির সংমিশ্রণে আগামী কয়েক দিন অনেক এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। পরিস্থিতির অবনতি হওয়ায় জনগণকে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

#যুক্তরাজ্যনিউজ #ঘূর্ণিঝড় #আবহাওয়াসতর্কতা #তুষারপাত #লন্ডননিউজ #aknews #onebanglanews