হাদি হ*ত্যার বিচারের দাবিতে উত্তাল শাহবাগ সারা রাত অবরোধের ঘোষণা

73

সাইফ হাসান: শহীদ শরিফ ওসমান বিন হাদির হ*ত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে আমরণ অবরোধ শুরু করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার পর থেকে শুরু হওয়া এই আন্দোলনে যোগ দিয়েছেন সাধারণ মানুষও। হ*ত্যার পরিকল্পনাকারীরা ধরা না পড়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা। সারা রাত শাহবাগে অবস্থানের জন্য তারা শীতের কম্বল নিয়ে প্রস্তুতি নিয়েছেন। উপদেষ্টারা সশরীরে এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।

শুক্রবার দুপুর থেকেই ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন। এতে মৎস্য ভবন থেকে শাহবাগমুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কেউ ঘরে ফিরে যাবেন না।

আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্য যাতায়াতের সুযোগ রাখা হলেও অবরোধ কর্মসূচি শিথিল করা হবে না। হাদির ভাই শরিফ ওমর বিন হাদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খুনিদের গ্রেপ্তার করা না হলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে বাধ্য হবেন।

উল্লেখ্য যে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এরপর থেকেই তার হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পুলিশ ও র‍্যাব এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এখনো অধরা। ধারণা করা হচ্ছে, তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন। ইনকিলাব মঞ্চের দাবি, হত্যার পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

#শাহবাগ #অবরোধ #ইনকিলাবমঞ্চ #ওসমানহাদি #বিচার #aknews #onebanglanews