যুক্তরাজ্যে ক্রিসমাস উপলক্ষে রাস্তায় নেমেছে ২৪ মিলিয়নের বেশি গাড়ি ও লাখো মানুষ

62

সাইফ হাসান: বড়দিন উদযাপনে বাড়ি ফিরতে থাকা লাখ লাখ মানুষের চাপে যুক্তরাজ্যের রাস্তা, রেলপথ এবং বিমানবন্দরগুলোতে আজ রেকর্ড ভিড় পরিলক্ষিত হচ্ছে। পরিবহন বিশেষজ্ঞদের মতে এটি বছরের সবচেয়ে ব্যস্ততম দিন যেখানে প্রায় ২ কোটি ৪৪ লাখ গাড়ি রাস্তায় নামতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিমানবন্দরগুলোতে আজ প্রায় ৪ লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াতের সম্ভাবনা রয়েছে এবং রেল কর্তৃপক্ষ যাত্রীদের অগ্রিম আসন বুক করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে হাইওয়ে এবং বড় শহরগুলোর প্রবেশমুখে দীর্ঘ যানজটের আশঙ্কায় সাধারণ মানুষকে অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মোটরযান সেবা সংস্থা এএ (AA) জানিয়েছে এবারের বড়দিন যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে ব্যস্ততম হতে পারে। অধিকাংশ মানুষ ১০০ মাইলের কম দূরত্বে যাতায়াত করলেও গুরুত্বপূর্ণ ইন্টারচেঞ্জ এবং শপিং সেন্টারগুলোর আশেপাশে ব্যাপক জটলার সৃষ্টি হয়েছে। লন্ডনের এম২৫ (M25) এবং বার্মিংহামের এম৫ (M5) ও এম৬ (M6) সংযোগস্থলে আজ দিনভর দীর্ঘ গাড়ির সারি দেখা গেছে।

হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে তারা ইতিহাসের ব্যস্ততম ডিসেম্বর মাস পার করছে যেখানে প্রতিদিন গড়ে আড়াই লাখ যাত্রী যাতায়াত করছেন। ম্যানচেস্টার এবং এডিনবার্গ বিমানবন্দরেও আজ যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা তল্লাশিতে সুবিধা পেতে উপহারের প্যাকেটগুলো না মুড়িয়েই বহন করার পরামর্শ দিয়েছে।

রেলপথে সংস্কার কাজের কারণে বেশ কিছু রুটে ট্রেন চলাচল সীমিত বা বন্ধ রাখা হয়েছে। নেটওয়ার্ক রেল জানিয়েছে বড়দিনের দিন কোনো ট্রেন চলবে না এবং বক্সিং ডে-তেও সীমিত সেবা দেওয়া হবে। যাত্রীদের বড় এবং ভারি ব্যাগ বহন না করতে এবং যেকোনো ট্রেনের সময়সূচী আগে থেকে দেখে নেওয়ার জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

এএ-র টহল বিশেষজ্ঞ শন জোনস বলেছেন আজ যারা গাড়ি নিয়ে বের হয়েছেন তাদের জন্য সবচেয়ে বড় উপহার হবে ধৈর্য ধরে গাড়ি চালানো। এছাড়া সাউদাম্পটন এবং পোর্টসমাউথ এলাকার রাস্তাগুলোতে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত বিশেষ সংস্কার কাজ চলবে বিধায় ওই অঞ্চলের যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আকাশপথে ভ্রমণকারীদের সুবিধার জন্য কর্তৃপক্ষ এয়ারলাইনগুলোর বাতিল বা বিলম্বিত ফ্লাইটের ক্ষেত্রে যাত্রীদের অধিকার সম্পর্কেও সচেতন করেছে।

#বড়দিন #যুক্তরাজ্য #যাতায়াত #পরিবহন #আন্তর্জাতিকনিউজ