লন্ডনের একমাত্র বরো হিসেবে ইয়াং ফিউচার্স হাবে নির্বাচিত টাওয়ার হ্যামলেটস

98

সাইফ হাসান: লন্ডনের একমাত্র বরো হিসেবে টাওয়ার হ্যামলেটস কেন্দ্রীয় সরকারের ইয়াং ফিউচার্স হাব প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। তরুণদের শিক্ষা ও কর্মসংস্থান এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই হাবের মাধ্যমে যুবকর্মীরা তরুণদের ক্যারিয়ার গঠন ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন। মেয়র লুৎফুর রহমানের দূরদর্শী নেতৃত্বে যুবসেবায় বিনিয়োগ করায় এই বিশেষ স্বীকৃতি মিলেছে।

কেন্দ্রীয় সরকারের ২ মিলিয়ন পাউন্ড ব্যয়ে ইংল্যান্ডজুড়ে একটি ইয়ুথ সেন্টার নেটওয়ার্ক গড়ে তোলা হবে। টাওয়ার হ্যামলেটস ছাড়াও নটিংহাম, বার্মিংহাম এবং ম্যানচেস্টারের মতো শহরগুলো এই প্রকল্পে অংশ নেবে। আগামী চার বছরে মোট ৫০টি হাব তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের।

নির্বাহী মেয়র লুৎফুর রহমান এই অর্জনে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। তিনি জানান টাওয়ার হ্যামলেটস লন্ডনের সবচেয়ে তরুণ বরো যার গড় বয়স মাত্র ৩০ বছর। এই বরোর প্রতিটি ওয়ার্ডে একটি করে যুব কেন্দ্র স্থাপনের লক্ষ্য নিয়ে ১৩ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হয়েছে।

কাউন্সিল কেবল যুব সেবা নয় বরং শিক্ষার্থীদের আর্থিক সহায়তায়ও নজির স্থাপন করেছে। টাওয়ার হ্যামলেটস দেশের প্রথম কাউন্সিল হিসেবে সর্বজনীন ফ্রি স্কুল মিলস এবং ইউনিফর্ম অনুদান চালু করেছে। এছাড়া উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় বৃত্তি এবং ইএমএ সুবিধা পুনরায় চালু করা হয়েছে।

ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার জানান তারা এ বছর ৭টি নতুন যুব কেন্দ্র চালু করেছেন। বর্তমানে এই বরোতে মোট ১৯টি কেন্দ্র রয়েছে যেখানে গত এক বছরে ১ লাখের বেশি তরুণ অংশ নিয়েছে। তরুণদের জন্য নিরাপদ পরিবেশ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

#টাওয়ার_হ্যামলেটস #লুৎফুর_রহমান #যুব_সেবা #লন্ডন_নিউজ #শিক্ষা