সাইফ হাসান: পশ্চিম লন্ডনের হাউন্সলোতে একটি কার বুট সেল থেকে প্রায় ৮০ হাজার পাউন্ড মূল্যের চু*রি হওয়া পাওয়ার টুলস উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানে ড্রিল মেশিন এবং ইলেকট্রিক করাতসহ প্রায় ৪০০টি সরঞ্জাম জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুই কিশোরসহ চারজনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। ব্যবসায়ীদের জীবনযাত্রায় প্রভাব ফেলে এমন অপ*রাধ দমনে এই বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ বর্তমানে মালামালগুলোর প্রকৃত মালিকদের খুঁজে বের করার চেষ্টা করছে।
পশ্চিম লন্ডনের হাউন্সলো হিথ কার বুট সেলে গত ১১ ডিসেম্বর এই সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধারকৃত সরঞ্জামের বাজারমূল্য বাংলাদেশি টাকায় ১ কোটি ২০ লাখ টাকারও বেশি। জব্দ করা জিনিসের মধ্যে রয়েছে পাওয়ার ড্রিল, নেইল গান, ইলেকট্রিক করাত এবং এমনকি একটি কংক্রিট মিক্সার মেশিন।
এই ঘটনায় জড়িত সন্দেহে ৫৪ ও ৫৫ বছর বয়সী দুই ব্যক্তি এবং ১৫ বছর বয়সী দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চুরির মালামাল কেনাবেচার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তারা জামিনে থাকলেও পুলিশ তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে।
হাউন্সলো এলাকার পুলিশ সুপার জেমস রলিনসন বলেন, টুলস বা সরঞ্জাম চুরির ফলে সাধারণ ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েন। আমরা এই ধরনের সংঘবদ্ধ অপরাধী চক্রকে দমনে কাজ করছি। লন্ডনের বিভিন্ন এলাকায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে যাতে চোরাই পণ্য বিক্রি কঠিন হয়ে পড়ে।
কার বুট সেল আয়োজকরা জানিয়েছেন তারা কোনোভাবেই চোরাই পণ্য বিক্রি সমর্থন করেন না। সন্দেহভাজন বিক্রেতাদের তথ্য তারা নিয়মিত পুলিশকে সরবরাহ করে থাকেন। চলতি বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত লন্ডনে গাড়ি থেকে সরঞ্জাম চুরির ঘটনা গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে পুলিশ।
#লন্ডন_নিউজ #পুলিশ_অভিযান #হাউন্সলো #অপরাধ_সংবাদ #ইউকে_নিউজ















