ফেসবুকে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বাঘের দাঁত ও বিপন্ন প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ

98

সাইফ হাসান: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে কেনাবেচা চলছে বাঘের দাঁত ও হাঙ্গরের পাখার মতো বিপন্ন প্রাণীর দেহাংশ। বিবিসির এক অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য যেখানে বিক্রেতারা নির্দ্বিধায় বিভিন্ন দেশে এসব অবৈধ পণ্য পাঠানোর প্রতিশ্রুতি দিচ্ছে। মেটা কর্তৃপক্ষ এসব কারবার নি*ষিদ্ধ ঘোষণা করলেও বাস্তবে এর কোনো নিয়ন্ত্রণ দেখা যাচ্ছে না। সম্প্রতি ইন্টারপোল বিশ্বজুড়ে বড় ধরনের অভিযান চালিয়ে হাজার হাজার অবৈধ প্রাণী ও দেহাংশ উদ্ধার করেছে যা এই অমানবিক বাণিজ্যের বিস্তার প্রমাণ করে।

বিবিসির অনুসন্ধানে দেখা গেছে, চীনের একজন ব্যবহারকারী খাঁচায় বন্দি বাঘের ভিডিও এবং বাঘের হাড় ও দাঁতের ছবি পোস্ট করে বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। একজন বিক্রেতা জানিয়েছেন, ১০ সেন্টিমিটার লম্বা একটি দাঁতের দাম পড়বে প্রায় ২ হাজার ইউয়ান এবং প্রতি কেজি হাড় বিক্রি হচ্ছে ৩ হাজার ৬০০ ইউয়ানে। অন্যদিকে, আরেকজন বিক্রেতা যুক্তরাষ্ট্র থেকে হাঙ্গরের পাখা বা শার্ক ফিন প্রতি কেজি ৫০ ডলারে যুক্তরাজ্যে পাঠানোর প্রস্তাব দিয়েছেন।

যুক্তরাজ্যে বিপন্ন প্রাণী আমদানির ওপর কঠোর আইন থাকলেও সেখানে অবাধে শুকনো সিহর্স বা সামুদ্রিক ঘোড়া বিক্রি হতে দেখা গেছে। একজন স্থানীয় বিক্রেতা এগুলোকে কাশি ও প্রসূতি মায়েদের ওষুধ হিসেবে প্রচার করছিলেন, যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অনলাইনে অর্ডার করার মাত্র দুই দিনের মধ্যেই ১৫টি মৃত সিহর্সের একটি প্যাকেট হাতে পায় বিবিসি, যার মধ্যে গর্ভবতী পুরুষ সিহর্সও ছিল।

ইন্টারপোল সম্প্রতি ‘অপারেশন থান্ডার’ নামে বিশ্বের ১৩৪টি দেশে বন্যপ্রাণী পাচার রোধে এক বিশাল অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে প্রায় ৩০ হাজার জীবিত প্রাণী এবং বিপুল পরিমাণ প্রাণীর দেহাংশ উদ্ধার করা হয়েছে যার মধ্যে জিরাফের মাংস ও ৪ হাজার হাঙ্গরের পাখা রয়েছে। ইন্টারপোল জানিয়েছে, বন্যপ্রাণীর এই অবৈধ ব্যবসা এখন মাদক ও অস্ত্র পাচারের পরেই বিশ্বের চতুর্থ বৃহত্তম আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য হচ্ছে।

এই বিষয়ে মেটা জানিয়েছে, তারা তাদের প্ল্যাটফর্মে বিপন্ন প্রজাতির কোনো প্রাণীর বেচাকেনা অনুমোদন করে না এবং নজরে আসা মাত্রই এসব কনটেন্ট মুছে ফেলে। তবে যুক্তরাজ্যের বর্ডার ফোর্সের পরিচালক ড্যানি হেউইট বলেছেন, সংগঠিত অপরাধী চক্র এই ব্যবসার পেছনে রয়েছে। অনেক সময় ক্রেতারাও না জেনে বা শখের বশে এসব কিনে পরিবেশের বড় ধরনের ক্ষতি করছেন।

#বন্যপ্রাণী #ফেসবুক #বিবিসি #ইন্টারপোল #পরিবেশ