সাইফ হাসান: যুক্তরাজ্যের বাড়ির বাজারে বড় দরপতন হয়েছে। নভেম্বরে দাম কমেছে ১.৮ শতাংশ, যা ২০১২ সালের পর সর্বোচ্চ। রাইটমুভ নামের একটি ওয়েবসাইট এই তথ্য জানিয়েছে। মূলত ২৬ নভেম্বরের বাজেট ঘোষণাকে কেন্দ্র করে ক্রেতারা হাত গুটিয়ে নেয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
রাইটমুভের তথ্য অনুযায়ী, নভেম্বরে বিক্রেতারা গড়ে ৬,৫৮৯ পাউন্ড দাম কমিয়েছেন। বর্তমানে একটি বাড়ির গড় দাম দাঁড়িয়েছে ৩৬৪,৮৩৩ পাউন্ড। সাধারণত নভেম্বরে দাম কিছুটা কমলেও, এবারের পতন গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, চ্যান্সেলর র্যাচেল রিভসের বাজেট ঘোষণার আগে সবাই দ্বিধায় আছে। বিশেষ করে স্ট্যাম্প ডিউটি নিয়ে নানা গুঞ্জন চলছে। টিভি উপস্থাপক কার্স্টি অলসোপ বলেছেন, মানুষ আতঙ্কের মধ্যে আছে এবং বাজেটের আগে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না।
রাইটমুভের কর্মকর্তা কলিন ব্যাবকক বলেন, বাজারে এখন অনেক বাড়ি, যা দাম বৃদ্ধিতে বাধা দিচ্ছে। তিনি আরও বলেন, বাজেট একটি বড় distraction এবং এর ফলে বড়দিনের ছুটি আসার আগেই বাজারে এক ধরনের স্থবিরতা চলে এসেছে। আগ্রহী ক্রেতাদের ধরতে বিক্রেতাদের এখন বিশেষ ছাড় দিতে হচ্ছে।
এদিকে, ইওয়াই আইটেম ক্লাবের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে মর্টগেজ লোনের প্রবৃদ্ধিও কমে যাবে। এই বছর প্রবৃদ্ধি ৩.২% হলেও আগামী বছর তা ২.৮% এ নেমে আসতে পারে। মানুষের আয় কমে যাওয়া এবং বাড়ির দাম সামর্থ্যের বাইরে চলে যাওয়ায় এই অবস্থা হবে।
ইওয়াই-এর কর্মকর্তা মার্টিনা কিন বলেন, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা এবং বাজেটে কর বৃদ্ধির সম্ভাবনা আগামী বছর আর্থিক খাতের ওপর প্রভাব ফেলবে। তবে তিনি এও বলেছেন যে, যুক্তরাজ্যের বাজার এখনও স্থিতিশীল এবং এই মন্দা সাময়িক হতে পারে।
#ইউকে #বাড়িরদাম #বাজেট #অর্থনীতি #রাইটমুভ















