ওয়ানবাংলানিউজ: লন্ডন মেয়র সাদিক খান জানিয়েছেন, তিনি লন্ডনের হোটেলগুলোতে পর্যটক কর আরোপের সম্ভাবনা পর্যালোচনা করে দেখতে চান। মেয়র বলেছেন, তিনি ম্যানচেস্টার ও ইউরোপের অন্যান্য শহরে প্রয়োগ হওয়া কর ব্যবস্থা পর্যালোচনা করবেন।
ব্রিটেনে সবচেয়ে বেশী পর্যটক আসেন রাজধানী লন্ডনে। গত বছর ২ কোটি পর্যটক লন্ডন বেড়াতে আসেন। লন্ডনে পর্যটকদের কাছ থেকে সামান্য কর আরোপের বিষয়ে বিভিন্ন পক্ষের সমর্থন পাওয়া গেছে।
শুধু হোটেল নয়, টুরিস্ট বাসের মতো সার্ভিসেও বিদেশিদের জন্য কর বসানো হতে পারে। বার্সেলোনায় চার-তারা হোটেলে প্রতি রাত প্রায় ৫ ইউরো এবং প্যারিসে ৮ ইউরোর বেশী কর আরোপ করা হয়। ভেনিস আগামী বছরে পর্যটকদের জন্য দৈনিক ৫ ইউরো কর চালু করবে।
ইংল্যান্ডের ম্যানচেস্টারে চালু হওয়া “সিটি ভিজিটর চার্জ” থেকে প্রথম বছরে ২.৮ মিলিয়ন পাউন্ড রাজস্ব সংগ্রহ হয়েছে।
ইউকে হসপিটালিটি-এর প্রধান কেইট নিকলস বলেছেন, লন্ডন এখনও মহামারী-পূর্ব পর্যটন স্তরে ফিরে আসেনি। অনেকে বলছেন, নতুন কর আরোপের ফলে পর্যটকদের জন্য ব্রিটেন কম আকর্ষণীয় হয়ে উঠতে পারে। উচ্চ ভিএটি হারের কারণে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত খাত আরও চাপে পড়তে পারে।
পর্যটক কর নিয়ে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। স্থানীয় নেতারা এবং ব্যবসায়ীরা এই উদ্যোগে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে পর্যালোচনা চালিয়ে যাচ্ছেন।















