সাইফ হাসান: যুক্তরাজ্যের দুই-তৃতীয়াংশ নার্স অসুস্থ থাকার পরেও কাজ চালিয়ে যাচ্ছেন। রয়্যাল কলেজ অফ নার্সিং (আরসিএন) এর এক জরিপে এই তথ্য উঠে এসেছে। তারা বলছে, ২০১৭ সালের তুলনায় এই প্রবণতা অনেক বেড়েছে। অসুস্থতার প্রধান কারণ হিসেবে নার্সরা মানসিক চাপকে দায়ী করেছেন। মূলত, হাসপাতালগুলোতে পর্যাপ্ত লোকবল না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
রয়্যাল কলেজ অফ নার্সিং ২০ হাজারের বেশি নার্সিং কর্মীর ওপর এই জরিপ চালায়। এতে দেখা যায়, ৬৬% নার্স অসুস্থ থাকা সত্ত্বেও কাজ করেছেন, যা ২০১৭ সালে ছিল মাত্র ৪৯%। বর্তমানে ৬৫% নার্স তাদের অসুস্থতার জন্য মানসিক চাপকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। জরিপে আরও দেখা যায়, ৭০% নার্স সপ্তাহে অন্তত একবার অতিরিক্ত কাজ করেন, যার মধ্যে ৫২% এই অতিরিক্ত কাজের জন্য কোনো বেতন পান না।
আরসিএন-এর প্রধান নির্বাহী অধ্যাপক নিকোলা রেঞ্জার বলেছেন, “কর্মীর সংকট এবং পর্যাপ্ত সরঞ্জামের অভাবেই নার্সিং কর্মীরা অসুস্থ হয়ে পড়ছেন।” তিনি বলেন, নার্সরা রোগীদের অসম্ভব চাপের মধ্যে সেবা দেওয়ার চেষ্টা করছেন এবং অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। বর্তমানে ইংল্যান্ডের এনএইচএস-এ ২৫ হাজারের বেশি নার্সের পদ খালি রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে তাদের কাছে প্রতিদিন গড়ে ছয়টি করে কল আসে, যেখানে সদস্যরা বার্নআউট এবং প্যানিক অ্যাটাকের কথা জানান। একজন এনএইচএস নার্স বলেছেন, তিনি মানসিক চাপে দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হয়েছেন, কিন্তু বিভাগ অতিরিক্ত চাপে থাকায় তিনি ছুটি নিতে পারছেন না।
এই বিষয়ে এনএইচএস-এর একজন মুখপাত্র বলেছেন, নার্সরা স্বাস্থ্যসেবার প্রাণ এবং তাদের সুস্থতার জন্য আরও কাজ করার সুযোগ আছে। স্বাস্থ্য বিভাগও জানিয়েছে, তারা নার্সদের কাজের পরিবেশ উন্নত করতে ১০ বছরের পরিকল্পনা নিয়েছে এবং ‘গ্র্যাজুয়েট গ্যারান্টি’র মাধ্যমে নতুন নার্সদের চাকরি সহজ করা হচ্ছে।
#ইউকে #এনএইচএস #নার্স #স্বাস্থ্যসেবা #মানসিকচাপ















