সাইফ হাসান: অক্সফোর্ড শহরের কেন্দ্রে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধ*র্ষণের অভিযোগে এক আশ্রয়প্রার্থীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আমিন আবেদী মোফরাদ নামের ওই ব্যক্তি ইরানি বংশোদ্ভূত। বৃহস্পতিবার অক্সফোর্ড ক্রাউন কোর্ট তাকে সাড়ে নয় বছরের কারাদণ্ড দেয়। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী সেদিন খুবই দুর্বল অবস্থায় ছিল বলে জানা গেছে।
৩৫ বছর বয়সী মোফরাদকে গত মাসে অক্সফোর্ড ক্রাউন কোর্টে ধর্ষণ এবং যৌন নিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। এই অপরাধের জন্য বিচারক মারিয়া ল্যাম্ব তাকে সাড়ে নয় বছরের কারাদণ্ড দেন। একইসাথে তাকে তিন বছরের বর্ধিত লাইসেন্স সময়কালও দেওয়া হয়েছে।
বিচারক বলেন, মোফরাদ ভবিষ্যতে আরও অপরাধ ঘটাতে পারে এবং সে সমাজের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি মোফরাদকে বলেন, “আপনার বয়স ছিল ৩৪ আর মেয়েটির বয়স ১৫। আপনি হয়তো বুঝতে পারেননি তার বয়স ১৬-র কম, কিন্তু সে দেখতে তরুণ ছিল এবং আপনি তার দুর্বলতার সুযোগ নিয়েছেন।”
জানা যায়, ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় অক্সফোর্ডের কুইন স্ট্রিটে ওই কিশোরীর সাথে মোফরাদের দেখা হয়। প্রসিকিউশনের মতে, মেয়েটি তখন আধ বোতল ভদকা পান করে মাতাল অবস্থায় ছিল। মোফরাদ তাকে প্রথমে সেন্ট এবিস স্ট্রিটে এবং পরে ওয়েস্টগেট শপিং সেন্টারে নিয়ে যায়, যেখান থেকে মেয়েটি পালিয়ে আসতে সক্ষম হয়।
আদালতে আরও জানা যায়, মোফরাদের সাথে আরেকজন লোক এই হামলায় জড়িত ছিল, কিন্তু মোফরাদ তার সহযোগীর নাম প্রকাশ করতে অস্বীকার করেছে। পুলিশ ওই সহযোগীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার দুই মাস পর গত এপ্রিলে পুলিশে অভিযোগ করা হলে, সময়ের ব্যবধানে সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি।
‘প্রজেক্ট ভিজিল্যান্ট’ নামে পুলিশের একটি বিশেষ অভিযানের মাধ্যমে মোফরাদকে গ্রেপ্তার করা হয়। তার মোবাইল ফোন থেকে অপরাধের প্রমাণ মেলে, যার মধ্যে ভুক্তভোগীকে তার অজান্তে চুম্বন করার ছবিও ছিল। মোফরাদের এর আগেও জার্মানিতে মারধরের একাধিক অভিযোগ ছিল। টেমস ভ্যালি পুলিশের ডিসি বেথানি লিভারসিডজ ভুক্তভোগীর “অসীম সাহসিকতার” প্রশংসা করেছেন।
#অক্সফোর্ড #কারাদণ্ড #ধর্ষণ #যুক্তরাজ্য #আশ্রয়প্রার্থী















