ফ্রান্সে পাঠানোর পরও ফিরে আসা অভিবাসীকে আবারো ফেরত পাঠালো ইউকে

154

সাইফ হাসান: যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ফেরত পাঠানোর এক মাসেরও কম সময়ের মধ্যে এক অভিবাসী আবার ছোট নৌকায় করে ইউকেতে ফিরে এসেছিলেন। বুধবার সকালে তাকে আবারো ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে। এই ইরানি ব্যক্তি ফ্রান্সে পাচারকারীদের হাতে আধুনিক দাসত্বের শিকার হয়েছিলেন বলে দাবি করেন। স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদ বলেছেন, ফিরে আসার চেষ্টা করলে তাদের আবার ফেরত পাঠানো হবে।

স্বরাষ্ট্র দপ্তরের সূত্র জানিয়েছে, বুধবারের একটি ফ্লাইটে ওই ব্যক্তিকে ফেরত পাঠানো হয়। তাকে প্রথম ১৯ সেপ্টেম্বর ফ্রান্সে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি ১৮ অক্টোবর আবার যুক্তরাজ্যে ফিরে আসেন। স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদ বলেন, বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে তাকে শনাক্ত করার পর আটক করা হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি ব্যক্তি এর আগে গার্ডিয়ানকে বলেছিলেন যে তিনি ফ্রান্সে তার জীবন নিয়ে শঙ্কিত ছিলেন। পাচারকারীদের হাতে নির্যাতনের অভিযোগ করে তিনি বলেন, “তারা আমাকে মূল্যহীন বস্তুর মতো ব্যবহার করেছে, কাজ করতে বাধ্য করেছে, নির্যাতন করেছে এবং সামান্য প্রতিবাদ করলে বন্দুক দেখিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে।”

শাবানা মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমার বার্তা স্পষ্ট: আপনি যদি যুক্তরাজ্যে ফিরে আসার চেষ্টা করেন, আপনাকে ফেরত পাঠানো হবে।” ‘একজনের বদলে একজন’ চুক্তির আওতায় এখন পর্যন্ত যুক্তরাজ্য থেকে ৯৪ জন অভিবাসীকে অপসারণ করা হয়েছে এবং ফ্রান্স থেকে ৫৭ জনকে যুক্তরাজ্যে আনা হয়েছে।

হিউম্যানস ফর রাইটস নেটওয়ার্কের ম্যাডি হ্যারিস বলেছেন, পাচারকারীদের হাতে ভয়াবহ অভিজ্ঞতার কারণে ওই ব্যক্তি প্রথমবার ফেরত পাঠানোর পর থেকেই ‘তীব্র ভয়ের’ মধ্যে ছিলেন। কনজারভেটিভ নেত্রী কেমি ব্যাডেনক এর আগে এই ঘটনাকে সরকারের ‘সম্পূর্ণ বিশৃঙ্খলা’ বলে অভিহিত করেছিলেন।

অবৈধ অভিবাসন নিয়ে সরকার চাপের মধ্যে রয়েছে। এই বছরের ২১ অক্টোবর পর্যন্ত ৩৬,৭৩৪ জন ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছেছে, যা গত বছরের একই তারিখের তুলনায় ৮,৫৩০ জন বেশি। বর্তমান লেবার সরকার পূর্ববর্তী কনজারভেটিভ সরকারের চালু করা রুয়ান্ডা স্কিমটি বাতিল করে দিয়েছে।

#যুক্তরাজ্য #ফ্রান্স #অভিবাসী #ছোটনৌকা #অবৈধঅভিবাসন