দ্বিগুণ ওজনের টমেটো ভ্যান রাস্তায় আটক, চালকের লাইসেন্স নেই

139

সাইফ হাসান: ক্যামব্রিজশায়ারে পুলিশ একটি টমেটো বোঝাই ভ্যান আটক করেছে যেটি তার সর্বোচ্চ ওজনের প্রায় দ্বিগুণ মালামাল বহন করছিলো। ভ্যানটিতে প্রায় ৬,০৮০ কেজি টমেটো ছিলো। পুলিশ জানিয়েছে, ওই ভ্যান চালকের কোনো লাইসেন্স বা ইন্স্যুরেন্স কিছুই ছিলো না। গ্রামীণ অপরাধ দমনের জন্য ‘অপারেশন চেম্বার্স’ নামে একটি বিশেষ অভিযানের সময় ভ্যানটি থামানো হয়। এই ঘটনায় চালককে ২০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে।

ক্যামব্রিজশায়ার পুলিশ লিঙ্কনশায়ার এবং ক্যামব্রিজশায়ারের মধ্যবর্তী এ১৬ (A16) সড়কে গাড়ি থামিয়ে এই অভিযান চালায়। ‘অপারেশন চেম্বার্স’ নামের এই দিনব্যাপী অভিযানের মূল লক্ষ্য ছিলো গ্রামীণ এলাকার অপরাধ দমন করা। সার্জেন্ট টম নাটাল বলেছেন, যারা কৃষি সরঞ্জাম বা যন্ত্রপাতি চুরির মতো অপরাধের শিকার হন, তাদের হতাশা আমরা বুঝি। এই ধরনের অভিযানগুলো অপরাধীদের বাধা দিতে এবং চুরি হওয়া সম্পত্তি উদ্ধারে একসাথে কাজ করার একটি দারুণ সুযোগ তৈরি করে।

এই অভিযানে লিঙ্কনশায়ার পুলিশের গ্রামীণ অপরাধ দমন দল, পরিবেশ সংস্থা এবং পিটারবোরো সিটি কাউন্সিলও অংশ নেয়। ক্যামব্রিজশায়ার পুলিশ গাড়িগুলোকে থামিয়ে লিঙ্কনশায়ারের ক্রোল্যান্ডের থর্নি রোড সাউথে নিয়ে আসে, যেখানে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সার্জেন্ট নাটাল আরও বলেন, এই অভিযান গ্রামীণ অপরাধ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের গুরুত্ব তুলে ধরে এবং গ্রামীণ সম্প্রদায়কে সুরক্ষিত রাখতে ও অপরাধীদের জবাবদিহি করতে সকল অংশীদারের প্রতিশ্রুতিকে শক্তিশালী করে।

পুলিশ জানিয়েছে, এই ছয় ঘণ্টার অভিযানে মোট ২৫টি গাড়ি থামানো হয়। এর মধ্যে ডিভিএলএ ৯১টি ট্যাক্সবিহীন গাড়ি শনাক্ত করে। এছাড়াও অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনাও ধরা পড়ে। একই সময়ে অভিবাসন আইন ভঙ্গের দায়ে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকেও আটক করা হয়।

পরিবেশ সংস্থার এনফোর্সমেন্ট টিম লিডার পিটার স্টার্ক বলেন, এই ধরনের সমন্বিত অভিযান আমাদের শক্তিশালী অংশীদারিত্ব বজায় রাখতে এবং তথ্য আদান-প্রদানে সাহায্য করে। একই সাথে এটি পরিবেশ, সাধারণ মানুষ এবং বৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দিতেও সহায়তা করে।

#যুক্তরাজ্য #পুলিশ #টমেটো #অতিরিক্ত_ওজন #অভিযান