সাইফ হাসান: যুক্তরাজ্যে গরুর দুধে অ্যালার্জি হয়ে এক শিশুর মৃ*ত্যু হয়েছে। পাঁচ বছর বয়সী বেনেডিক্ট ব্লাইদ নামের ওই শিশুটি স্কুলের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে। তদন্তে জানা গেছে, সময়মতো অ্যালার্জির পেন প্রয়োগে দেরি হয়েছিল। এই ঘটনার পর বেনেডিক্টের মা সব স্কুলে অতিরিক্ত অ্যালার্জি পেন রাখার দাবি জানিয়েছেন। তিনি সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন।
লিঙ্কনশায়ারের স্ট্যামফোর্ডের বাসিন্দা বেনেডিক্ট ব্লাইদ ২০২১ সালের ডিসেম্বরে বার্নাক প্রাইমারি স্কুলে অসুস্থ হয়ে পড়ে এবং পরে হাসপাতালে মারা যায়। বেনেডিক্টের হাঁপানি এবং দুধ, ডিম, বাদামসহ বেশ কয়েকটি খাবারে মারাত্মক অ্যালার্জি ছিল। তার বাবা-মা স্কুল কর্তৃপক্ষের সাথে মিলে একটি ব্যক্তিগত অ্যালার্জি পরিকল্পনাও তৈরি করেছিলেন।
এই বছরের জুলাই মাসে হওয়া তদন্তে জুরি বোর্ড জানায়, স্কুলে বেনেডিক্টকে ভুলবশত গরুর দুধ দেওয়া হয়েছিল। তার অ্যালার্জির পরিকল্পনা অনুযায়ী যে ব্যবস্থাগুলো নেওয়ার কথা ছিল, স্কুল তা অনুসরণ করতে ব্যর্থ হয়। এর মধ্যে তার অ্যাড্রেনালিন পেন বা ওষুধ প্রয়োগে বিলম্বও অন্তর্ভুক্ত ছিল।
বেনেডিক্টের মা হেলেন ব্লাইদ তখন থেকেই “বেনেডিক্টস ল” নামে একটি নতুন আইন চালুর আহ্বান জানিয়ে আসছেন। তিনি বলেছেন, “শুধু ওষুধ সময়মতো না পাওয়ার কারণে কোনো বাবা-মায়ের সন্তান হারানো উচিত নয়। সমাধান আছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”
হেলেন ব্লাইদ ‘দ্য বেনেডিক্ট ব্লাইদ ফাউন্ডেশন’ নামে একটি সংস্থাও প্রতিষ্ঠা করেছেন। সম্প্রতি তাদের একটি গবেষণায় বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রতিটি স্কুলে অতিরিক্ত অ্যালার্জি পেন রাখলে শুধু জীবনই বাঁচবে না, এতে সরকারের বছরে কমপক্ষে ৪.৬ মিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে।
হেলেন ব্লাইদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “সব প্রমাণ থাকা সত্ত্বেও শিক্ষা দপ্তর এখনো কোনো পদক্ষেপ নেয়নি। আরেকটি স্কুল বছর শুরু হয়ে গেছে এবং শিশুরা অ্যাড্রেনালিনের নিশ্চয়তা ছাড়াই ক্লাসে যাচ্ছে।” বেনেডিক্টের বাবা পিটার ব্লাইদ বলেছেন, এই সাশ্রয় হওয়া অর্থ দিয়ে স্কুলেই অ্যালার্জি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া সম্ভব, যা আর্থিকভাবে সাশ্রয়ী এবং নৈতিকভাবে জরুরি।
#অ্যালার্জি #শিশুস্বাস্থ্য #যুক্তরাজ্য #স্কুল #বেনেডিক্টসল















