ইয়র্কশায়ারের পার্কগুলোতে বিরল ছত্রাকের নতুন ‘হটস্পট’ আবিষ্কার

36

সাইফ হাসান: ইংল্যান্ডের ইয়র্কশায়ার ডেলস ও নর্থ ইয়র্ক মুরস ন্যাশনাল পার্কে পাওয়া গেছে দেশের বিরলতম দুটি ছত্রাকের নতুন আবাসস্থল। সংরক্ষণ সংস্থা ‘প্ল্যান্টলাইফ’-এর বার্ষিক সমীক্ষায় জানা গেছে, গোলাপি ওয়্যাক্সক্যাপ ও বেগুনি কোরাল নামের এই দুই প্রজাতির শত শত নতুন স্থানের সন্ধান মিলেছে। গবেষকরা বলছেন, উত্তর ইয়র্কশায়ার এখন এসব ছত্রাকের জন্য এক গুরুত্বপূর্ণ ‘হটস্পট’ হিসেবে উঠে এসেছে।

প্ল্যান্টলাইফের এক মুখপাত্র জানান, সমাধিক্ষেত্র, বাগান ও কৃষিজমিতে এই বিরল ছত্রাকগুলোর বহু নতুন নমুনা পাওয়া গেছে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘের (IUCN) রেড লিস্টে দুই প্রজাতিকেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

সংস্থার সিনিয়র কনজারভেশন অফিসার ডা. আইলিন বেয়ার্ড বলেন, “এই ফলাফল আমাদের বিজ্ঞানীদের জন্য এক বড় চমক, এটি আমাদের জ্ঞানে এক নতুন অগ্রগতি।” তিনি জানান, শুধু যুক্তরাজ্যেই ১৮টি নতুন স্থানে বেগুনি কোরাল ও ৩০০টি নতুন স্থানে গোলাপি ওয়্যাক্সক্যাপ ছত্রাকের খোঁজ মেলে।

গোলাপি ওয়্যাক্সক্যাপ ছত্রাককে অনেকে ‘ব্যালেরিনা ওয়্যাক্সক্যাপ’ বলে ডাকেন, কারণ এর টুপি নাচের পোশাকের মতো বাইরে দিকে ছড়িয়ে থাকে। অন্যদিকে, বেগুনি কোরাল ঘাসে জন্মানো শাখাযুক্ত বেগুনি গঠনের জন্য পরিচিত।

প্ল্যান্টলাইফ জানিয়েছে, উত্তর ইয়র্কশায়ারের সুনির্দিষ্ট স্থানগুলো প্রকাশ করা হয়নি, তবে সাধারণত বেগুনি কোরাল পাওয়া যায় অপরিবর্তিত ঘাসভূমিতে, আর গোলাপি ওয়্যাক্সক্যাপ বেশি দেখা যায় ভেড়ায় চরানো টক মাটির তৃণভূমিতে, বিশেষ করে ওয়েলস অঞ্চলে।

ডা. বেয়ার্ড আরও বলেন, “এটি আমাদের নাগরিক বিজ্ঞান উদ্যোগের শক্তি এবং মানুষের আগ্রহের প্রমাণ। যত বেশি মানুষ ‘ওয়্যাক্সক্যাপ ওয়াচ’-এ অংশ নিচ্ছেন, তত বেশি তথ্য আমরা পাচ্ছি এই বিরল ছত্রাকগুলো রক্ষায়।”

২০২৪ সালে রেকর্ডসংখ্যক ৫৬৭টি সমীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ব্রিটিশ মাইকোলজিক্যাল সোসাইটির ক্লেয়ার ব্লেনকোও বলেন, “এত নতুন স্থানে ছত্রাকের সন্ধান সত্যিই প্রশংসনীয়। এগুলো আমাদের ঘাসভূমির স্বাস্থ্যের সূচক এবং প্রকৃতির বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ নিদর্শন।”