সাইফ হাসান: মেরসিসাইড ও ল্যাঙ্কাশায়ারের বাসচালকদের ঘোষিত ধর্মঘট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। স্টেজকোচ কোম্পানির সঙ্গে ইউনিয়নের বেতন চুক্তি সম্পন্ন হওয়ায় চালকরা কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নেন। নতুন চুক্তিতে ঘণ্টাপ্রতি মজুরি বেড়ে দাঁড়িয়েছে ১৬ পাউন্ড ৫০ পেনিতে। ইউনিয়ন বলছে, এটি চালকদের কঠোর পরিশ্রমের ন্যায্য প্রতিফলন।
আগে নির্ধারিত ছিল, ১৩ অক্টোবর থেকে সাত দিনের জন্য প্রায় ৫০০ বাসচালক কর্মবিরতিতে যাবেন। তাঁরা অভিযোগ করেছিলেন, প্রতিদ্বন্দ্বী বাস কোম্পানির তুলনায় তাঁদের মজুরিতে বড় ধরনের বৈষম্য রয়েছে।
ইউনাইট ইউনিয়নের মহাসচিব শ্যারন গ্রাহাম বলেন, “বাসচালকরা অত্যন্ত কঠিন কাজ করেন। ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর কারণেই তাঁরা এমন একটি বেতনবৃদ্ধি নিশ্চিত করতে পেরেছেন, যা তাঁদের কাজের প্রকৃত মূল্যকে প্রতিফলিত করে।”
ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, বীরকেনহেডের চালকদের বেতন দুই বছরে ১০ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পাবে—প্রতি ঘণ্টায় ১৪ পাউন্ড ৯৪ পেনি থেকে বেড়ে ১৬ পাউন্ড ৫০ পেনি হবে। অন্যদিকে, প্রেস্টন ও চর্লির কর্মীরা এক বছরের মধ্যে ৬ দশমিক ৪ শতাংশ বেতন বৃদ্ধি পাবেন। তাঁদের মজুরি ১৫ পাউন্ড ৫০ পেনি থেকে বেড়ে একই হারে হবে ১৬ পাউন্ড ৫০ পেনি।
এই বেতন বৃদ্ধি ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে এবং পূর্বের বকেয়া হিসেবেও তা প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
স্টেজকোচ মেরসিসাইড ও সাউথ ল্যাঙ্কাশায়ারের ব্যবস্থাপনা পরিচালক ম্যাট ডেভিস জানান, প্রতিষ্ঠানটি ইউনিয়নের সঙ্গে গঠনমূলকভাবে কাজ চালিয়ে গেছে। তিনি বলেন, “আমরা এমন একটি প্রস্তাব দিতে চেয়েছি যা চালকদের প্রত্যাশা পূরণ করবে এবং একই সঙ্গে অঞ্চলের বাস পরিষেবার দীর্ঘমেয়াদি স্থায়িত্বও নিশ্চিত করবে।”














