৯১ বছরের ডিমেনশিয়া আক্রান্ত বৃদ্ধার ব্যাংক কার্ড থেকে ১০ হাজার পাউন্ড চুরির দায়ে কেয়ারার কারাদণ্ড

111

সাইফ হাসান: যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টারে এক কেয়ারার বৃদ্ধা নারীর ব্যাংক কার্ড চুরি করে প্রায় ১০ হাজার পাউন্ড উড়িয়ে দিয়েছেন জুয়ার সাইট, অ্যালকোহল ও সিগারেটে। ৩২ বছর বয়সী ড্যানিয়েল হফটন বৃদ্ধার স্বামীকে দেখাশোনা করতেন, সেই সুযোগে ২০২৩ সালের নভেম্বরে চুরি শুরু করেন। পরিবারের সদস্যরা অস্বাভাবিক লেনদেন লক্ষ্য করে পুলিশে অভিযোগ করলে ঘটনা প্রকাশ পায়। আদালত তাকে দুই বছর নয় মাসের কারাদণ্ড দিয়েছেন। তদন্ত চলাকালেই ভুক্তভোগী দম্পতি দুজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, হফটন নগদ টাকা তুলতে ক্যাশ মেশিন ব্যবহার করেন এবং আরও ৮০০ পাউন্ড তুলতে চেষ্টা করেছিলেন। চুরি করা অর্থ তিনি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন, ট্যানিং শপ, কেএফসি, স্পোর্টস ডাইরেক্ট, জ্বালানি ও সাধারণ কেনাকাটায় খরচ করেন।

আদালতে বৃদ্ধার ছেলে বলেন, তার মা জানতেন খারাপ কিছু ঘটেছে কিন্তু মনে করতে পারছিলেন না কী হয়েছিল। সেই আতঙ্ক নিয়েই তিনি মারা গেছেন। মেয়েও অভিযোগ করেন, মায়ের স্বাধীনতা ও আস্থা ভেঙে দিয়েছে এই প্রতারণা, আর বিচার দেখতে পারার আগেই তিনি পৃথিবী ছেড়ে গেছেন।

ডিটেকটিভ কনস্টেবল পিটার বেনেট হফটনের কাজকে ‘ঘৃণ্য ও স্বার্থপর’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ ধরনের অপরাধ কেয়ার সেক্টরের সুনাম নষ্ট করছে, যে খাত ইতোমধ্যেই নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।