মানসিক স্বাস্থ্য অবহেলায় নদীতে নার্সের মৃত্যু, পরিবার বলছে সিস্টেম ভেঙে পড়েছে যুক্তরাজ্যে

48

সাইফ হাসান: যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারের মালটন শহরে নিখোঁজ হওয়ার তিন সপ্তাহ পর নার্স ভিক্টোরিয়া টেইলরের মরদেহ নদী থেকে উদ্ধার হয়। ৩৪ বছর বয়সী এই নার্সকে পরিবার বর্ণনা করেছে নিবেদিতপ্রাণ মা, ভালোবাসার বাগদত্তা ও বিশ্বস্ত বোন হিসেবে। তদন্তে উঠে এসেছে মানসিক স্বাস্থ্য সেবার অবহেলা ও ঘাটতির কারণে তিনি বারবার সাহায্য চেয়েও বঞ্চিত হয়েছেন। পরিবার বলছে, এটি শুধু ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং সিস্টেমের দীর্ঘদিনের অবহেলার ফল।

গত বছরের ৩০ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ভিক্টোরিয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ অনুসন্ধানের পর ২২ অক্টোবর তার মরদেহ রিভার ডারউইন্ট থেকে উদ্ধার করে পুলিশ। নর্থঅ্যালারটনে অনুষ্ঠিত তদন্তে জানা যায়, শৈশবের মানসিক আঘাত তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল, যা থেকে আসে হতাশা, উদ্বেগ ও নিজেকে মূল্যহীন মনে করার প্রবণতা।

করোনার ক্যাথরিন কন্ডি বলেন, এই ট্রমা তার জীবনে স্থায়ী ক্ষত তৈরি করেছে। তবে তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি ভিক্টোরিয়া ইচ্ছাকৃতভাবে নদীতে নেমেছিলেন নাকি অন্যভাবে মারা যান। কন্ডি জানিয়েছেন, তিনি টেইস, এস্ক অ্যান্ড ওয়্যার ভ্যালিজ এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টসহ বিভিন্ন সংস্থাকে লিখিতভাবে উদ্বেগ জানাবেন।

ভিক্টোরিয়ার বোন এমা ওয়ার্ডেন বলেন, তার বোন সবসময় পরিবার ও প্রিয়জনদের জন্য নিবেদিত ছিলেন। কিন্তু বহুবার সাহায্য চাইলেও সেবা সংস্থাগুলো তাকে বারবার ব্যর্থ করেছে। এমার ভাষায়, “ভিক্স সবসময় সামনে এসে সাহায্য চেয়েছিল, অথচ কেউ চোখে চোখ রেখে বলেনি—আমরা তোমার পাশে আছি। সে এজন্যই আজ আর নেই।”

এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের নার্সিং ও মান নিয়ন্ত্রণ পরিচালক এলসপেথ ডেভানেই ভিক্টোরিয়ার পরিবারকে গভীর সমবেদনা জানিয়ে বলেন, ঘটনার পর একটি পর্যালোচনা সম্পন্ন হয়েছে এবং সেবা উন্নত করার জন্য পরিবর্তন আনা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, করোনারের রিপোর্টের পর আরও পদক্ষেপ নেওয়া হবে যেন ভবিষ্যতে এমন অবহেলা আর না ঘটে।