সাইফ হাসান: ইংল্যান্ডের প্লাইমাউথে একটি গুরুতর হামলার ঘটনায় হত্যা চেষ্টার সন্দেহে ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শনিবার ২৩ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে পেমব্রোক লেনে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। আহত ব্যক্তির শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ বলেছে যে, আহত ব্যক্তি এখন বিপদমুক্ত এবং তার প্রাণহানির ঝুঁকি নেই।
অ্যাম্বুলেন্স সেবার ফোনের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে। ত্রিশের দশকের এই ব্যক্তিকে জরুরি অবস্থায় ডেরিফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরে নিশ্চিত করেছেন যে, তার আঘাত প্রাণঘাতী বা স্থায়ী ক্ষতির কারণ হবে না।
পুলিশের তদন্তে জানা গেছে যে, আহত ব্যক্তি বিউমন্ট স্ট্রিটে একটি গাড়িতে থাকার সময় এই আঘাতগুলো পেয়েছেন। ডেপুটি সিনিয়র তদন্তকারী অফিসার অ্যান্ড্রু ট্রট-রজার্স বলেছেন, সাধারণ জনগণের জন্য কোনো বিপদ নেই। তবে তদন্ত চলমান থাকায় এলাকায় পুলিশের উপস্থিতি অব্যাহত থাকবে।
পুলিশ আরো তদন্তের জন্য গ্রেপ্তারকৃত সন্দেহভাজনকে জামিনে মুক্তি দিয়েছে। তদন্তকারী অফিসার বলেছেন, গত শনিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে বিউমন্ট স্ট্রিট এলাকায় কোনো সন্দেহজনক কিছু দেখলে বা শুনলে তারা যেন পুলিশে যোগাযোগ করেন। এ ঘটনার সাক্ষী খোঁজা হচ্ছে।















