মিলন মাহমুদ : তীব্র গরম পড়বে তাই আগামী সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে হলুদ তাপ সতর্কতা জারি করা হয়েছে। এই সময় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি উপরে উঠতে পারে। যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (UKHSA) সোমবার ১১ আগস্ট দুপুর ১২টা থেকে ১৩ আগস্ট বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সতর্কতা জারি করেছে।
এই বছরে এটি চতুর্থ তাপপ্রবাহ। স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আগামী সপ্তাহের শুরুতে তীব্র তাপপ্রবাহ অনেক মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে। এই সময় যাদের বয়স বেশি ও ক্রনিক অসুখ আছে তাদের সাবধানে চলাফেরা করতে হবে।
আবহাওয়া অফিসের উপ-প্রধান আবহাওয়াবিদ স্টিভেন কিটস বলেছেন: “আমরা নিশ্চিত যে আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, সোমবার ইংল্যান্ডের কিছু অংশে সর্বনিম্ন ৩০ ডিগ্রি সেলসিয়াসে এবং মঙ্গলবার সম্ভবত কয়েকটি জায়গায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি পৌঁছাবে। তবে, এই গরম আরো কতদিন থাকবে সেটা এখনই সঠিক ভাবে বলা যাবে না।















