গত বছরের জুলাই আন্দোলনে ঘিরে দায়ের করা হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি যোসেফের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। তার সঙ্গে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) র্যাব-২ এসব তথ্য জানান। র্যাব জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া অপর তিনজন হলেন—মো. গুড্ডু (৩৮), মো. শফিকুল ইসলাম (৪৮) এবং মো. সেলিম (৩২)।
র্যাব জানায়, পিচ্চি শাহীন দীর্ঘদিন ধরেই মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি কুখ্যাত সন্ত্রাসী যোসেফের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। বাকি গ্রেফতার ব্যক্তিদের মধ্যে গুড্ডুর বিরুদ্ধে আদাবর থানায়, শফিকুলের বিরুদ্ধে তেজগাঁও থানায় এবং সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।
গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানিয়েছে, তারা সাম্প্রতিক সময়ে রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশে বেআইনি কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, তারা রাজনৈতিক পরিচয়ের আড়ালে সংঘবদ্ধ অপরাধ চক্রের হয়ে সহিংসতা, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের মতো অপরাধে জড়িত ছিল।
র্যাব আরও জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের জড়িত অন্যান্য অপরাধ ও নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।















