অনির্দিষ্টকালের জন্য ‘সাউদার্ন নীটওয়্যার লিমিটেড’ বন্ধ ঘোষণা

84

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিকেএমইএ’র সদস্যভুক্ত পোশাক কারখানা সাউদার্ন নীটওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে সাধারণ শ্রমিকদের পারস্পরিক দ্বন্দ্ব ও উৎপাদন ব্যাহত পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শনিবার (১২ জুলাই) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কারখানা সূত্রে জানা গেছে, ঘুষ গ্রহণ, দুর্নীতি, শারীরিক নির্যাতন ও হয়রানির অভিযোগে ট্রেড ইউনিয়নের কয়েকজন নেতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ শ্রমিকরা। এ নিয়ে গত কয়েকদিন ধরে শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় শনিবার (১২ জুলাই) সকাল থেকে শ্রমিকরা কার্যক্রম বন্ধ রেখে বেআইনি ধর্মঘটে অংশ নেন। এতে উৎপাদন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং কারখানা জুড়ে শ্রম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় শিল্প পুলিশ, সেনাবাহিনী এবং বিকেএমইএ প্রতিনিধি দল। সকাল থেকে তিন দফা বৈঠকেও কোনও সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইন অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বলে জানান কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানায় সব ধরনের উৎপাদন, প্রশাসনিক কার্যক্রম ও কর্মী উপস্থিতি বন্ধ থাকবে। কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে স্থানীয় প্রশাসন।