সাইফ হাসান: যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের স্পিকার লিন্ডসে হয়েল গত চার বছরে প্রায় ৩০০ উপহার গ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে শ্যাম্পেন, হুইস্কি, খাবারের হ্যাম্পার, পোষা প্রাণীর জন্য উপহার এবং ত্বকের যত্নের পণ্য। এই উপহারগুলো বিদেশি কূটনীতিক, এমপি এবং কিছু কোম্পানির পক্ষ থেকে এসেছে। তবে এই উপহারের স্বচ্ছতা এবং নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
২০২১ সাল থেকে হয়েল প্রায় ৮০ বোতল মদ, যেমন শ্যাম্পেন, হুইস্কি, রাম এবং অন্যান্য পানীয় গ্রহণ করেছেন। এছাড়া তিন ২৬টি টাই ও কাফলিঙ্ক, কোরিয়ান কূটনীতিকদের দেওয়া ত্বকের যত্নের সেট, বই, পানপাত্র, পোষা প্রাণীর জন্য উপহার, গালিচা, ছবি এবং সাজসজ্জার জিনিসপত্র রেখেছেন। গত বড়দিনে বাহরাইন, কাতার এবং অ্যাঙ্গুইলা থেকে তিনি হ্যাম্পার পেয়েছেন, যার মধ্যে শ্যাম্পেন ও দুই বোতল ওয়াইন ছিল। কনজারভেটিভ এমপি প্রীতি প্যাটেল টানা তিন বছর তাকে ক্রিসমাস পুডিং পাঠিয়েছেন।
কিছু ক্ষেত্রে হয়েল উপহার তার অফিসের সঙ্গে ভাগ করে নিয়েছেন। গত নভেম্বরে উত্তর মেসিডোনিয়ার রাষ্ট্রদূত তাকে খাবার ও পানীয় দিলে তিনি এক বোতল স্মিজিন জিন ও এক বোতল য়াইন রেখে বাকি চারটি হার্বাল টি এবং তিনটি অ্যাজভার (লাল মরিচের সস) তার অফিসে দিয়েছেন।
আনলক ডেমোক্রেসি ক্যাম্পেইন গ্রুপের পরিচালক টম ব্রেক বলেছেন, “স্পিকারের স্বেচ্ছায় উপহার ঘোষণা এমপিদের গ্রহণ করা অপ্রকাশিত উপহারের পরিমাণের ইঙ্গিত দেয়। এমপিদের জন্য ৩০০ পাউন্ডের ঘোষণা সীমা কমিয়ে সাধারণ পাবলিক ও প্রাইভেট সেক্টরের নিয়মের সঙ্গে সামঞ্জস্য করা উচিত।”
স্পিকারের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, “বিশ্বব্যাপী প্রচলিত রীতি অনুযায়ী, স্পিকার বিদেশি কূটনীতিকদের আপ্যায়নের সময় উপহার দেন ও গ্রহণ করেন। স্বচ্ছা নিশ্চিত করতে সব উপহার ঘোষণা করা হয়, এমনকি ৩০০ পাউন্ডের সীমার নিচেরও। কিছু উপহার স্পিকারের বাসভবনের ঐতিহাসিক সংগ্রহে যোগ করা হয়, আর বাকিগুলো তিনি ব্যক্তিগতভাবে বা তার অফিসে রাখেন।”
হয়েলের বার্ষিক বেতন প্রায় ১৬০,০০০ পাউন্ড, এবং তিনি ওয়েস্টমিনস্টার প্যালেসের স্পিকার’স হাউসে একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন। তবে এই উপহার গ্রহণের বিষয়টি রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে, বিশেষ করে যখন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারসহ অন্যান্য মন্ত্রীরা সরকারে থাকাকালীন উপহার গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন।
এই প্রতিবেদনের সূ্র: The Guardian














