বিএনপির প্রতি পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশনার: হাছান

708

ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশনার বিএনপির প্রতি পক্ষপাতিত্ব করছে। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে নির্বাচন কমিশন অনেক সুবিধা দিয়েছে এবং দিচ্ছে। অথচ আওয়ামী লীগের ক্ষেত্রে সেসব সুবিধা নেই।

মঙ্গলবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় তিন নেতার মাজারে পুষ্পস্তবক অর্পণের পর এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আগামী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের এমপিরা প্রচারণা চালাতে পারবে না এটি হতে পারে না। এটি বিএনপির প্রতি পক্ষপাতিত্ব।

জাতীয় নির্বাচনে বিএনপির দাবি সম্পর্কে সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি যেমন একটি রাজনৈতিক দল আওয়ামী লীগও তেমনি একটি রাজনৈতিক দল। নির্বাচনে তারা যেমন একটি পক্ষ আমরাও একটি পক্ষ। আমাদের দাবি হচ্ছে সংবিধানের এক চুলও ব্যতয় ঘটানো যাবে না। সংবিধানে যা আছে ঠিক সেই ভাবে নির্বাচন হতে হবে। সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সোহরাওয়ার্দী সাহেব কখনও ড্রয়িং রুমের রাজনীতি করেননি। তিনি প্রথমে শ্রমিকদের রাজনীতি করেছেন। তিনি রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন।

জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ অাব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় অারও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অাক্তারুজ্জামান ও অ্যাডভোকেট সামছুল হক টুকু প্রমুখ।