সাইফ হাসান:ইংল্যান্ডে বসবাসকারী এক মিলিয়নেরও বেশি সংখ্যালঘু জাতিগোষ্ঠীর প্রাপ্তবয়স্ক নাগরিকদের ওজন নিয়ে সরকারিভাবে প্রচলিত হিসাব ভুল প্রমাণিত হয়েছে। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, পুরনো নির্দেশিকা ব্যবহার করার ফলে তাদের প্রকৃত স্বাস্থ্যঝুঁকি উপেক্ষিত হয়েছে।
ব্রিটেনের খ্যাতনামা দাতব্য সংস্থা ‘নেস্টা’-এর করা গবেষণায় উঠে এসেছে, সরকার যেখানে জানাচ্ছে ৬৪% প্রাপ্তবয়স্ক মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছেন, সেখানে সঠিক সংখ্যাটা হও়া উচিত ৬৭%। এই পার্থক্য প্রায় ১০ লাখ মানুষের।
বিশ্লেষণে দেখা গেছে, কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর ক্ষেত্রে স্থূলতার হার ১৩ শতাংশ পয়েন্ট এবং এশীয় জনগণের ক্ষেত্রে ১৮ শতাংশ পয়েন্ট বেশি হওয়া উচিত ছিল। অথচ সরকারিভাবে এই তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি।
মূল সমস্যার শিকড় গভীরে। সরকারি পরিসংখ্যানে এখনও ব্যবহার করা হচ্ছে পুরনো বডি মাস ইনডেক্স (BMI) মাপকাঠি, যা সবার জন্য এককভাবে প্রয়োগ করা হয়। অথচ জাতিগত বৈচিত্র্যের কারণে স্বাস্থ্যঝুঁকি ও দেহের গঠন ভিন্ন হয়। চলতি বছরের শুরুতে জাতীয় স্বাস্থ্য ও কেয়ার এক্সেলেন্স ইনস্িটিউট (NICE) নতুন BMI নির্দেশিকা প্রকাশ করে, যেখানে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর জন্য ওজন ও স্বাস্থ্যঝুঁকির সীমা কমিয়ে ধরা হয়েছে।
NICE জানায়, কৃষ্ণাঙ্গ, এশীয় এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে কিছু দীর্ঘমেয়াদী রোগ – যেমন হৃদরোগ বা টাইপ-২ ডায়াবেটিস – তুলনামূলকভাবে কম BMI থাকলেও দেখা যায়। এই কারণে, BMI হিসাবের ক্ষেত্রে নতুন মাপকাঠি ব্যবহার করাই যুক্তিযুক্ত।
নেস্টা আরও জানিয়েছে, এই সংখ্যালঘু গোষ্ঠীগুলোর দেহে মেদ জমে সাধারণত পেটের চারপাশে, যাকে ‘সেন্ট্রাল অ্যাডিপোসিটি’ বলা হয়। এটি হৃদরোগ এবং মৃত্যুহারठৃদ্ধির বড় কারণ।
নেস্টার হেলদি লাইফ বিভাগের উপপরিচালক পারিতা দোশি বলেন, “ব্রিটেনে স্থূলতা কমানো সম্ভব, কিন্তু তার আগে আমাদের বাস্তব পরিস্থিতির সঠিক ধারণা থাকা জরুরি। ভুল পরিসংখ্যান দিয়ে কাজ চললে, খাদ্যাভ্যাস ও ব্যায়ামের পরিকল্পনা ভুল পথে চলে যাবে।”
তিনি আরও বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এনএইচএস ইংল্যান্ডের উচিত হবে NICE-এর হালনাগাদ নির্দেশিকা অনুসরণ করে পরবর্তী পরিসংখ্যানে তা অন্তর্ভুক্ত করা।”
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















