সাইফ হাসান: যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে পার্টির উত্থান ঠেকাতে ভোটাররা নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছেন। বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রচারণায় দেখা যাচ্ছে, এমনকি কিছু কনজারভেটিভ ভোটারও এবার লেবার বা লিবারেল ডেমোক্র্যাটদের সমর্থন দিচ্ছেন। বিশেষ করে রানকর্ন ও হেলসবি উপনির্বাচন এবং হাল ও ইস্ট ইয়র্কশায়ারের মেয়র পদের নির্বাচনে এই কৌশলগত ভোটিং জোরালো হচ্ছে।
রানকর্ন ও হেলসবিতে রিফর্ম ইউকে লেবারের ১৫,০০০ ভোটের সংখযাগরিষ্ঠতা উল্টে দেওয়ার পথে এগিয়ে থাকলেও, লেবার ও লিবারেল ডেমোক্র্যাট সমর্থকরা একজোট হয়ে তাদের ঠেকাতে কাজ করছেন। এমনকি ফ্রডশাম ও হেলসবির কনজারভেটিভ ভোটাররাও ফারাজের বিরুদ্ধে লেবারকে সমর্থন দিচ্ছেন। এক লেবার সূত্র বলেন, “আমরা কনজারভেটিভ ভোটারদের কেন্দ্রীয় মতাদর্শীদের টানার চেষ্টা করছি। এটা কাজ করছে, তবে কতটা সফল হবে, তা এখনো দেখার বিষয়।”
হাল ও ইস্ট ইয়র্কশায়ারের মেয়র নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাটরা দাবি করছেন, তারাই রিফর্মের বিরুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী। তারা লেবার ও গ্রিন সমর্থকদের কৌশলগতভাবে াদের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। এক লিব ডেম কর্মী বলেন, “আমরা প্রতিটি এলাকায় ভোটারদের বলছি, রিফর্মকে থামাতে আমরাই সেরা বিকল্প। অনেকে রিফর্মের উগ্র নীতির ভয়ে আমাদের পক্ষে ভোট দিতে প্রস্তুত।”
রিফর্ম ও কনজারভেটিভদের সম্ভাব্য জোটের গুঞ্জনও এই কৌশলগত ভোটিংকে উৎসাহিত করছে। লেবার প্রচারকারীরা বলছেন, “অনেক ঐতিহ্যবাহী কনজারভেটিভ ভোটার ফারাজের সঙ্গে জোটের ধারণা পছন্দ করছেন না। এটা তাদের জন্য লাল সীমারেখা।” এদিকে, ফারাজ নিজে নির্বাচনের আগে প্রত্যাশা কমিয়ে বলেছেন, “আমাদের দলের প্রচারণার অভি্ঞতা লেবারের মতো নয়, বিশেষ করে রানকর্নে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ।”
বৃহস্পতিবার (১ মে ২০২৫) রাতে রানকর্ন উপনির্বাচন ও মেয়র পদের ফলাফল ঘোষণার পর এই কৌশলগত ভোটিংয়ের প্রভাব স্পষ্ট হবে। অন্যান্য দলের কৌশলবিদরা মনে করেন, রিফর্ম ও কনজারভেটিভ জোট গড়লে এই ধরনের ভোটিং আরও বাড়বে। ফলাফল যাই হোক, এটি রিফর্মের নির্বাচনী যন্ত্রের শক্তি ও ভোটারদের মধ্যে ‘রিফর্ম বিরোধী জোট’-এর উত্থানের ইঙ্গিত দেবে।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian














