সাইফ হাসান: স্কটল্যান্ডের রাজনীতিতে নতুন ঝড় তুলেছে স্কটিশ গ্রিন পার্টির একটি প্রস্তাব। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সম্পত্তি কেনার ক্ষেত্রে বিশেষ কর ছাড় বাতিলের দাবি উঠেছে। এই প্রস্তাব পাস হলে রাজাকে সাধারণ মানুষের মতোই সম্পত্তি কিনতে কর দিতে হবে।
স্কটিশ গ্রিন পার্টি একটি আবাসন বিলে সংশোধনী এনেছে, যাতে রাজা চার্লসকে স্কটল্যান্ডে নতুন সম্পত্তি কেনার সময় কর দিতে হয়। বর্তমানে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা ব্যক্তিগত আয়, সম্পত্তি লেনদেন বা উত্তরাধিকারর ওপর কর থেকে অব্যাহতি পান। তবে রাজা স্বেচ্ছায় কিছু আয়কর ও সম্পত্তির হার পরিশোধ করেন।
রাজার মালিকানায় স্কটল্যান্ডের বালমোরাল ও ডেলনাডামফ এস্টেটে ৮০টির বেশি বাড়ি, বালমোরাল ক্যাসল, বার্কহলের ছুটির রিসোর্ট এবং এডিনবার্গে একটি জর্জিয়ান টাউনহাউসের অংশ রয়েছে। এই সম্পত্তিগুলোর মূল্য কমপক্ষে ৮০ মিলিয়ন পাউন্ড। রানির মৃত্যুর পর তিনি এগুলো উত্তরাধিকার হিসেবে পেয়েছেন, কিন্তু কোনো উত্তরাধিকার কর দেননি।
স্কটিশ গ্রিন পার্টির অর্থ মুখপাত্র রস গ্রিয়ার বলেন, “আমরা চাই রাজপরিবার সবার মতো একই কর দিক। এটা একটা অযক্তিক সুবিধা, যা কোনোভাবেই রাজার জন্য প্রয়োজনীয় নয়।” তিনি আরও বলেন, “আমরা হয়তো সব কর সুবিধা বাতিল করতে পারব না, কিন্তু এটি বাতিল করে ইউকে সরকারের জন্য উদাহরণ সৃষ্টি করতে পারি।”
গ্রিয়ারের প্রস্তাবে ২০১৩ সালের ল্যান্ড অ্যান্ড বিল্ডিংস ট্রানজাকশন ট্যাক্স আইনের একটি ধারা বাতিলের কথা বলা হয়েছে, যেখানে রাজার ব্যক্তিগত ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয় বলা আছে। স্কটিশ সরকারের এক মুখপাত্র জানান, এই প্রস্তাব হলিরুডে স্থানীয় সরকার কমিটির পর্যালোচনার সময় বিবেচনা করা হবে।
স্কটল্যান্ডে ১ লাখ ৪৫ হাজার পাউন্ডের বেি মূল্যের বাড়ি কিনলে ৫-১২% হারে লেনদেন কর দিতে হয়। দ্বিতীয় বাড়ি বা ভাড়ার সম্পত্তির জন্য অতিরিক্ত করও আছে। এ ধরনের ভোট ইউকে আইনসভায় খুবই বিরল। তবে হলিরুড ধীরে ধীরে রাজপরিবারের সাংবিধানিক সুবিধা সংস্কারের পথে এগোচ্ছে।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















