সাইফ হাসান: যুক্তরাজ্যের এইচএমপি ফ্রাঙ্কল্যান্ড জেলে গত শনিবার এক ভয়াবহ হামলার ঘটনায় তিন জেল কর্মকর্তা আহত হয়েছেন। হামলাকারী হাশেম আবেদি, যিনি ২০১৭ সালের ম্যানচেস্টার এরিনা বোমা হামলার জন্য তার ভাই সালমান আবেদির সহযোগী হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। এ ঘটনার পর জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, বিপজ্জনক বন্দীদের জন্য রান্নাঘরে প্রবেশ নিষিদ্ধ করা হবে।
হাশেম আবেদি গরম তেল এবং রান্নাঘরের ট্রে থেকে তৈরি ধারালো অস্ত্র ব্যহার করে তিন জেল কর্মকর্তার উপর হামলা চালান। এতে দুজন পুরুষ কর্মকর্তা গুরুতর আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন। একজন নারী কর্মকর্তা হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিচ্ছিন্ন ইউনিটে থাকা বন্দীদের জন্য এই নিষেধাজ্ঞা সাময়িকভাবে কার্যকর করা হয়েছে। তবে এটি স্থায়ী করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য অভিযোগ হিসেবে হত্যাচেষ্টার বিষয়টি উঠে এসেছে। তদন্তে কাউন্টার-টেররিজম ইউনিট নেতৃত্ব দিচ্ছে, তবে হামলার উদ্দেশ্য নিয়ে এখনো কোনো সিদ্ধা্তে পৌঁছানো হয়নি।
ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, “প্রধানমন্ত্রী এই হামলার ঘটনায় মর্মাহত। তিনি আহত কর্মকর্তাদের পাশে আছেন। জেল কর্মকর্তারা দেশের নিরাপত্তার জন্য নিরলস কাজ করেন। তাদের উপর সহিংসতা কখনোই সহ্য করা হবে না।”
তিনি আরও বলেন, “এই বন্দীর ব্যবস্থাপনায় স্পষ্টতই বড় ধরনের ত্রুটি হয়েছে। সরকার দ্রুত উত্তর পেতে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।”
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















