ঢাকা সংবাদদাতা: বিচারিক আদালতের জজদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। রোববার আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন। তার আবেদনটি শুনানী করে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে।
এর আগেও গেজেট প্রকাশে বেশ কয়েক দফা সময় নিয়েছে সরকার। যদিও সম্প্রতি বিচারপতিদের সঙ্গে মিটিং করে আইন মন্ত্রী বলেছিলেন ৩ ডিসেম্বরের আগেই আদালতে গেজেট বিষয়ে প্রতিবেদন জমা দেয়া হবে। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে গত বছরের ১২ ডিসেম্বর তলবও করেন আপিল বিভাগ। গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আদালত।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে নিন্ম আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।















