ঢাকা সংবাদদাতা: ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে রোমের উদ্দেশে রওনা হয়েছেন। আজ শনিবার বিকেল ৫টা ৫ মিনিটে বিশেষ চার্টার্ড ভিভিআইপি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন। বিমান বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোপ ফ্রান্সিসকে বহনের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক নতুন মর্যাদায় অভিষিক্ত হলো। বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য নিঃসন্দেহে এটি একটি গৌরবময় ঘটনা।
এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এম মোসাদ্দিক আহমেদ বলেন, ‘ভিভিআইপি ফ্লাইট মর্যাদায় পোপকে বহন করার জন্য বিমানকে বেছে নেওয়ায় আমরা গর্বিত।’
এর আগে পোপ ফ্রান্সিস গত ৩০ নভেম্বর বিমানের অপর একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট ‘মেঘদূত’-এ চড়ে মিয়ানমার থেকে ঢাকায় সফরে আসেন।
ঢাকা সফরকালে পোপ ফ্রান্সিসের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে যাজক উপাসনা ও যাজকদের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। দেশের ৮০ হাজার রোমান ক্যাথলিক অনুষ্ঠানে যোগ দেন।
এ ছাড়া কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে সাক্ষাৎ করেন পোপ ফ্রান্সিস। তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে ঢাকায় আনা হয়েছিল। সফরকালে তিনি মুখে ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করেন, যা মিয়ানমার সফরকালে করেননি।















