ঢাকা সংবাদদাতা: জাপান, মালয়শিয়া ও ভারতের পর এবার বাংলাদেশেও শনাক্ত হলো চীনে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত রোগী। আক্রান্ত ব্যক্তি একজন নারী। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ নওশের আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, দেশে একজন ব্যক্তির শরীরে এইচএমপিভি ভাইরাসের পাশাপাশি আরো একটি ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
সম্প্রতি চীনে এই ভাইরাসের একটি ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাতে উদ্বেগ দানা বেঁধেছে বিভিন্ন দেশে। পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রণালয়ও।















