দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করল উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা

38

নিউজ ডেস্ক: দিল্লির চাণক্যপুরিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করে বিক্ষোভ করেছেন উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমর্থিত সিভিল সোসাইটি অব দিল্লি নামের একটি সংগঠন এ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল। প্রায় শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নিজ নিজ মানুষ এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীদের হাতে ছিল নানা ধরনের পোস্টার। বিক্ষোভকারীদের পক্ষ থেকে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং তাদের নিরাপত্তার দাবি জানিয়ে হাইকমিশনের প্রতিনিধির কাছে স্মারকলিপি দেয়া হয়। হাইকমিশনের পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার কমিশন, বিশ্বস্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছেও দাবি জানিয়ে স্মারকলিপি দেয়া হয়। কর্মসূচির আয়োজকদের দাবি দিল্লির সব বাজার কমিটি, আবাসিক এলাকার বাসিন্দাদের সংগঠন, চিকিৎসক, আইনজীবী, ছাত্রসংগঠন ও দুর্গাপূজা, ছটপূজা, রামলীলার আয়োজক এবং শিখ ধর্মস্থান গুরুদ্বার পরিচালন কমিটির সদস্যরা ওই বিক্ষোভে অংশ নিয়েছেন।

হাইকমিশন ঘেরাও কর্মসূচি মোকাবিলায় বাংলাদেশ হাইকমিশনের চারপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীদের হাইকমিশনের কয়েকশ’ মিটার আগে ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হয়। তবে বিক্ষোভকারীদের প্রতিনিধিদের স্মারকলিপি দেয়ার জন্য হাইকমিশনে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল। ইতিমধ্যেই ভারতে বাংলাদেশের ডেপুটি ও সহকারী হাইকমিশনগুলোতেও একাধিকবার বিক্ষোভ জানিয়েছেন হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। আগরতলায় বাংলাদেশে সহকারী হাইকমিশনে হামলাও চালানো হয়।