ব্রিটেনে তুষারপাত সহ প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ার পূর্বাভাস

281

ওয়ানবাংলানিউজ: উত্তর মেরু অঞ্চলের শীতল বাতাসের প্রভাবে ব্রিটেনে শীতের প্রথম লক্ষণ দেখা যাচ্ছে। আবহাওয়া অফিস রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তুষারপাত ও বরফ জমাট বাধা নিয়ে হলুদ সতর্কতা জারি করেছে।

উত্তর স্কটল্যান্ড এবং এখানকার উঁচু এলাকাগুলোতে তুষারপাতের সম্ভাবনা বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর স্কটল্যান্ডের উঁচু এলাকায় ৫-১০ সেমি এবং নিচু এলাকায় ১-৩ সেমি তুষার জমতে পারে।
তুষারপাতের পাশাপাশি, রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ায় বরফ জমাটের ঝুঁকিও থাকবে। পেনাইনস পর্বতমালায় তুষারপাতের পরিমাণ ১৫-২০ সেমি পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিচু এলাকায় ২-১০ সেমি পর্যন্ত তুষার জমার সম্ভাবনা রয়েছে, তবে ভূমি এখনও তুলনামূলক উষ্ণ হওয়ায় তুষার জমতে কিছুটা সময় লাগবে।
রবিবার থেকে তাপমাত্রা নভেম্বরের গড় তাপমাত্রার নিচে নেমে যাবে সপ্তাহের শুরুতে সকালে কুয়াশা ও বরফ দেখা যাবে।

আটলান্টিক থেকে আবহাওয়ার অন্য একটি প্রবাহ সোমবার ব্রিটেনে প্রবেশ করবে। এর ফলে ইংল্যান্ড এবং ওয়েলসের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে, তবে উত্তর আয়ারল্যান্ড, উত্তর ইংল্যান্ড এবং দক্ষিণ স্কটল্যান্ডের উঁচু এলাকাগুলোতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই শীতল আবহাওয়া প্রায় এক সপ্তাহ ধরে স্থায়ী হতে পারে। সপ্তাহের প্রতিদিন সকালে তুষার এবং পরিষ্কার রোদ দেখা যাবে। তবে, বিক্ষিপ্ত তুষারঝড়ও হতে পারে।
রবিবার থেকে সোমবার পর্যন্ত লন্ডনে বৃষ্টিপাতের সাথে সাথে প্রচণ্ড ঠাণ্ডা অনুভূত হবে।

আবহাওয়ার প্রতিকূলতার কারণে চলাচলে বিঘ্ন ঘটতে পারে। সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং যাতায়াতের আগে সর্বশেষ আবহাওয়ার তথ্য দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।