যুক্তরাজ্যে জীবন্ত গলদা চিংড়ি সেদ্ধ করা নিষিদ্ধ হচ্ছে প্রাণী সুরক্ষা আইন পরিবর্তনের মাধ্যমে

190

সাইফ হাসান: ইংল্যান্ডে প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে বর্তমান লেবার সরকার। এখন থেকে জীবন্ত গলদা চিংড়ি বা লবস্টার গরম পানিতে সেদ্ধ করাকে অমানবিক ঘোষণা করে তা নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি হত্যার কোনো গ্রহণযোগ্য পদ্ধতি হতে পারে না। এই নতুন কৌশলের আওতায় কুকুরের ফার্মিং বন্ধ এবং মুরগিকে খাঁচায় বন্দি রাখার ওপরও নিষেধাজ্ঞা আসতে পারে।

যুক্তরাজ্য সরকারের নতুন প্রস্তাব অনুযায়ী এখন থেকে মাছ বা জলজ প্রাণীদের হ*ত্যার ক্ষেত্রে বিকল্প এবং মানবিক পদ্ধতি অনুসরণ করতে হবে। লবস্টারের ক্ষেত্রে গরম পানিতে দেওয়ার আগে ইলেকট্রিক গান দিয়ে অচেতন করা অথবা বরফে রেখে হিমায়িত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য যে সুইজারল্যান্ড, নরওয়ে এবং নিউজিল্যান্ডে এই প্রথাটি আগে থেকেই নি*ষিদ্ধ।

লেবার পার্টির এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে শুধু জলজ প্রাণী নয় বরং গৃহপালিত পশুপাখির সুরক্ষা নিয়েও বিশেষ কিছু আইন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মুরগির খাঁচা এবং শূকরের বিশেষ খাঁচা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা। এছাড়া কুকুর ছানার খামার বা ‘পাপি ফার্মিং’ স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি শিকারের ক্ষেত্রেও নিয়ম আরও কঠোর করা হচ্ছে।

এই নতুন আইনের বিরোধিতা করে রিফর্ম ইউকে-এর নেতা নাইজেল ফারাজ একে ‘কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণ’ বলে অভিহিত করেছেন। তবে জনমত জরিপে দেখা গেছে অধিকাংশ সাধারণ মানুষ প্রাণীদের প্রতি কঠোর আইন সমর্থন করেন। সরকারের একটি সূত্র জানিয়েছে যে তারা পুরনো এবং সেকেলে আইনগুলো পরিবর্তন করে ব্রিটেনের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে কাজ করছেন।

গ্রিন পার্টি সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও তারা গ্রেহাউন্ড রেসিংয়ের মতো খেলাগুলোও স্থায়ীভাবে নি*ষিদ্ধ করার দাবি তুলেছে। ওয়েলসে ২০৩০ সালের মধ্যে কুকুরের এই দৌড় প্রতিযোগিতা নি*ষিদ্ধ হতে পারে। আপাতত লবস্টার সেদ্ধ করার ওপর এই নি*ষেধাজ্ঞা কার্যকর করার প্রক্রিয়া দ্রুতই শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

#প্রাণীসুরক্ষা #যুক্তরাজ্য #লবস্টার #লেবারপার্টি #আন্তর্জাতিকসংবাদ