ভিক্টোরিয়া পার্কে চালু হলো টাওয়ার হ্যামলেটসের প্রথম ক্রিকেট স্কোয়ার

278

টাওয়ার হ্যামলেটস বারা প্রথমবারের মতো ঘাসের ক্রিকেট পিচ এবং ক্রিকেট স্কোয়ার তৈরির কাজ ভিক্টোরিয়া পার্কে শুরু হয়েছে।
১৩ নভেম্বর বুধবার, টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান সহ অন্যান্য অতিথিরা ভিক্টোরিয়া পার্কের পূর্বাঞ্চলে ক্রিকেট পিচ সুবিধাসমূহ উন্মোচন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর কালচার, কাউন্সিলর কামরুল হোসেন, মিডলসেক্স ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিজ ও প্রকল্প প্রধান জোশ ন্যাপেট, লন্ডন ক্রিকেট ট্রাস্টের চেয়ার এডওয়ার্ড গ্রিফিন, ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাজ্যের সম্পাদক অ্যান্ড্রু মিলার,ক্যাপিটাল কিডস ক্রিকেটের সিইও ও টাওয়ার হ্যামলেটস সিসির প্রতিষ্ঠাতা সদস্য শাহিদুল আলম রতন, মিডলসেক্স ক্রিকেট বোর্ড এর সেইফগার্ডিং প্রধান ফিল ন্যাপেট, মিডলসেক্স ক্রিকেটের পার্টিসিপেশন ম্যানেজার রাজ নাথ।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন: “প্রাকৃতিক টার্ফ পিচ খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে সহায়ক হবে। ভিক্টোরিয়া পার্কে আমাদের প্রথম ঘাসের ক্রিকেট পিচ তৈরির কাজ চলছে, এবং আমি নিশ্চিত যে বিভিন্ন বয়স ও ব্যাকগ্রাউনে্র বাসিন্দারা উচ্চমানের পিচে খেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন।”

প্রকল্পটি বাস্তবায়নে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড, মিডলসেক্স ক্রিকেট ইন দ্য কমিউনিটি এবং লন্ডন ক্রিকেট ট্রাস্টের মতো বাহ্যিক কৌশলগত অংশীদারদের সহায়তা নিয়েছে।
এই সুবিধা শিশু, কিশোর, তরুণ—তরুণী ও প্রাপ্তবয়স্কদের, যেকোনো লিঙ্গ ও পটভূমির খেলোয়াড়দের ক্রিকেট খেলার দক্ষতা বাড়াতে সহায়তা করবে, আরো ম্যাচ আয়োজনের সুযোগ সৃষ্টি করবে এবং ক্লাবগুলোকে শনিবার ও জুনিয়র ক্রিকেট লিগে উচ্চমানের খেলা প্রদর্শনের সুযোগ দেবে।

টাওয়ার হ্যামলেটস লন্ডনের বৃহত্তম ক্রিকেট বিকাশ এলাকাগুলোর একটি। এই সুবিধা স্থানীয় ক্লাবমার্ক স্বীকৃত ক্লাব টাওয়ার হ্যামলেটস সিসিকে তাদের ক্রিকেট অগ্রগতিতে অব্যাহত সহায়তা প্রদান করবে এবং তাদের জুনিয়র খেলোয়াড়দের ভবিষ্যতে মিডলসেক্স ও ইংল্যান্ডের জাতীয় পর্যায়ের ক্রিকেটে যোগ দিতে সাহায্য করবে।

ভিক্টোরিয়া পার্ক পিচের পূর্ণাঙ্গ কাজ ২০২৫ সালের জুন মাসে শেষ হওয়ার কথা। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং তাদের অংশীদাররা আগামী দুই বছরে বোরো জুড়ে ক্রিকেট সুবিধায় ১.৫ লাখ পাউন্ডেরও বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর কালচার এন্ড রিক্রিয়েশন, কাউন্সিলর কামরুল হোসেন বলেন: “আমাদের অংশীদারদের ধন্যবাদ জানাই, যারা এই নতুন সুবিধা তৈরিতে সহযোগিতা করেছেন। আমি আশা করি এটি ভবিষ্যতে অনেক ক্রিকেট তারকা তৈরি করবে।”

এরপর নির্বাহী মেয়র লুৎফুর রহমান ভিক্টোরিয়া পার্কের ফুটবল গ্রাউন্ডে যান এবং সেখানে অনুষ্ঠিত স্কুল ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণকারী টিমগুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন। বারার ১৪টি স্কুল টিমের ৩ শতাধিক ক্ষুদে ফুটবলার এসময় তাদের মাঝে বারার মেয়রকে পেয়ে উৎফুল্ল হয়ে ওঠে। মেয়র তাদের সাথে কথা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাকেও অধিকতর গুরুত্বের সাথে নেয়ার জন্য তাদের উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, স্বাস্থ্য ও সুস্থতার জন্য সক্রিয় থাকা, খেলাধূলায় নিয়মিত নিজেকে ব্যস্ত রাখার কোন বিকল্প নেই। কাউন্সিল বারার তরুণদের সুস্থ্যতা নিশ্চিত করতে এবং তাদের ক্রীড়া প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা ও বিনিয়োগ করে যাচ্ছে।