ডায়াবেটিস আক্রান্ত ৫০ কোটি

163

ঢাকা সংবাদদাতা: বর্তমান বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৫০ কোটির মতো। ২০৩০ সালের মধ্যে তা হবে ৬০ কোটি। বাংলাদেশে সত্তরের দশকে ডায়াবেটিসের প্রবণতা ছিল মাত্র দুই শতাংশের মতো, আজ তা ঢাকা শহরেই প্রায় ১০ শতাংশ ছুঁয়েছে এবং প্রি-ডায়াবেটিসের হার আরো ১০ শতাংশ।

রাজধানীর এসেডবি মিলনায়তনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল অ্যানডোক্রাইনোলোজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ (এসেডবি)-এর উদ্যোগে বুধবার এক সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব তথ্য জানান।

‘ডায়াবেটিস ও সুস্থতা : শারীরিক ও মানসিক সুস্থতা উভয়ই গুরুত্বপূর্ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা জানান, সময়মতো খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে প্রায় ৫০ শতাংশ ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে এসেডবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দীন বলেন, ‘ডায়াবেটিস এমন একটি রোগ, যার কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা হ্রাস পেয়ে হার্ট অ্যাটাক, কিডনি ফেইলিউর, অন্ধ হয়ে যাওয়া, পায়ে পচন, এমনকি পা কেটে ফেলা পর্যন্ত লাগতে পারে। এত বড় বৈশ্বিক এই জটিল স্বাস্থ্য সমস্যাকে নিয়ন্ত্রণ বা প্রতিরোধে তাই দরকার জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা। সময়মতো ইন্টারভেনশনের (খাদ্যাভ্যাস, জীবনযাত্রার পরিবর্তন) দ্বারা প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব।’

তিনি আরো বলেন, ‘ডায়াবেটিসের প্রতিকার এবং প্রতিরোধে সামাজিক সচেতনতার বিকল্প নেই। ডায়াবেটিস রোগীর সার্বিক কল্যাণের জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, আলেম এবং প্রচারমাধ্যমগুলোকে এগিয়ে আসতে হবে।’